Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যজুড়ে শুরু চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা; পূর্ব মেদিনীপুরে অংশ নিয়েছে ২৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী

অরুণ কুমার সাউ, তমলুক : শিক্ষার মানোন্নয়ন ও মেধা অন্বেষণের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (প:ব:) পরিচালিত রাজ্যভিত্তিক চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা আজ, মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই …

 


অরুণ কুমার সাউ, তমলুক : শিক্ষার মানোন্নয়ন ও মেধা অন্বেষণের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (প:ব:) পরিচালিত রাজ্যভিত্তিক চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা আজ, মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা চলবে। এ বছর পূর্ব মেদিনীপুর জেলার মোট ৩৩৯টি কেন্দ্রে ২৮,৮২০ জন পরীক্ষার্থী এই মেধা যচাই পরীক্ষায় অংশ নিয়েছে। প্রথম দিনে তমলুকের কেলোমাল সন্তোষিনী হাই স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে উৎসাহের সাথে পরীক্ষা দিয়েছেন কচিকাঁচারা। 

খবর অনুযায়ী, তমলুকের কেলোমাল সন্তোষিনী হাই স্কুল, ডহরপুর তপশিলি হাইস্কুল এবং রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সেন্টার—এই তিনটি কেন্দ্রে মোট ৪১টি স্কুলের ৪৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। কেবল কেলোমাল স্কুলেই দুই শতাধিক ছাত্রছাত্রী আজ প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়।


উল্লেখ্য, ১৯৭৯ সালে তৎকালীন রাজ্য সরকার প্রাথমিক স্তরে ইংরেজি ও 'পাশ-ফেল' প্রথা তুলে দেওয়ার পাশাপাশি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষাও বন্ধ করে দেয়। এর ফলে শিক্ষার মান তলানিতে ঠেকতে শুরু করায়, শিক্ষার মান উন্নয়নের লক্ষে রাজ্যের শিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে গড়ে ওঠে ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (প:ব:)’। বিশিষ্ট শিক্ষাবিদ তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুশীল কুমার মুখোপাধ্যায়ের সভাপতিত্বে ১৯৯২ সাল থেকে এই পরীক্ষা চালু হয়। মাঝে করোনার বছরগুলো (২০২০ ও ২০২১) বাদ দিলে, গত ৩৩ বছর ধরে সম্পূর্ণ শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিদের স্বেচ্ছাশ্রমে ধারাবাহিকভাবে এই পরীক্ষা পরিচালিত হয়ে আসছে।



কেলোমাল পরীক্ষা পরিচালন কমিটির সভাপতি শচীনন্দন ভূঁইয়া, সম্পাদক শিক্ষক নারায়ণ মান্না এবং সত্যব্রত মাইতি আক্ষেপ প্রকাশ করে জানান, "এটি নিছক মেধা যাচাইয়ের পরীক্ষা নয়; সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে বহু শিক্ষক ও শিক্ষানুরাগী মানুষের স্বেচ্ছাশ্রমে এটি আজ একটি অভিনব শিক্ষা আন্দোলনে রূপ নিয়েছে। সরকারিভাবে এই ব্যবস্থা পুনরায় চালু না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই ও প্রয়াস চলবে। আমরা আশা করব, নতুন সরকার প্রথম শ্রেণী থেকে পাশ-ফেল এবং চতুর্থ শ্রেণীর শেষে বৃত্তি পরীক্ষা চালুর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।" একইসঙ্গে এই মহান কর্মযজ্ঞে সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।