নিজস্ব সংবাদদাতা,পটাশপুর, পূর্ব মেদিনীপুর......নৈপুর শান্তি-সুধা ইনস্টিটিউশন এর সভাগৃহে যতীন্দ্রনাথ পড়িয়ার জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্মারক গ্রন্থ 'জ্যোতির্ময় যতীন্দ্রনাথ' আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। এই মহতী অনুষ্ঠানে স…
নিজস্ব সংবাদদাতা,পটাশপুর, পূর্ব মেদিনীপুর......নৈপুর শান্তি-সুধা ইনস্টিটিউশন এর সভাগৃহে যতীন্দ্রনাথ পড়িয়ার জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্মারক গ্রন্থ 'জ্যোতির্ময় যতীন্দ্রনাথ' আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বরিষ্ঠ অবসরপ্রাপ্ত শিক্ষক দেবেন্দ্রনাথ মাইতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ শিক্ষক সতীশচন্দ্র রথ এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্ডীপ্রসাদ রথ, চিকিৎসক সূর্যকান্ত দাস অধিকারী এবং বরিষ্ঠ শিক্ষক বিষ্ণুপদ ঘোষ। প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণে মহাপ্রাণ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মর্মর মূর্তি, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং সভাকক্ষে যতীন্দ্রনাথ পড়িয়ার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সূচনা লগ্নে যতীন বাবুর জীবন এবং কর্ম নিয়ে আলোকপাত করেন তাঁর মধ্যমপুত্র অভিজিৎ পড়িয়া।
জন্ম শতবর্ষে স্মারক গ্রন্থ জ্যোতির্ময় যতীন্দ্রনাথের আনুষ্ঠানিক প্রকাশ করেন অনুষ্ঠান সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
উপস্থিত সহকর্মী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, পরিবারের শুভানুধ্যায়ী এবং পরিবারের সদস্য সদস্যাবৃন্দ যতীন্দ্রনাথ পড়িয়ার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।
তাঁর মহতী গুণ, শিক্ষাদানের মহানব্রত কিভাবে পালন করেছেন, তাঁর উদারতা, দানশীলতা এবং প্রভৃতি সৎ গুণ নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন স্মারক গ্রন্থের সম্পাদক এবং বিদ্যালয়ের সহ-শিক্ষক বিষ্ণুপদ দাস এবং শিক্ষক বিষ্ণুপদ আচার্য ।
অনুষ্ঠান সভাপতি দেবেন্দ্রনাথ মাইতি আয়োজক পড়িয়া পরিবার এবং স্মৃতি রক্ষা কমিটির এমন মহান উদ্যোগকে সাধুবাদ জানান। বিশিষ্ট শিক্ষাবিদ এবং দানশীল মানুষের এমন উদ্যোগ অনুকরণীয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কনিষ্ঠপুত্র প্রসূনকুমার পড়িয়া।
প্রসঙ্গত উল্লেখ্য ২০২৫-২৬ বর্ষে যতীন্দ্রনাথ পড়িয়ার জন্ম শতবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের পাঠ সামগ্রী বিতরণ, সহ নাগরিকদের পোশাক বিতরণ, রক্তদান উৎসব এবং শত বর্ষ স্মরণে ১০০ গাছ রোপন সহ নানা সামাজিক কর্মসূচি পালিত হয়। বর্ষ ব্যাপী কর্মসূচিতে বৃক্ষরোপণ এবং রক্তদান উৎসব সহ অন্যান্য কর্মকান্ডে গ্রামবাসী সহ মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতা বিশেষ উল্লেখযোগ্য।এই স্মারক গ্রন্থ 'জ্যোতির্ময় যতীন্দ্রনাথ' প্রকাশ সর্বশেষ আয়োজন।
