সময়ের অপচয় /অমৃত মাইতিসময়ের অপচয় সম্পর্কে আমি খুব ছোটবেলা থেকেই সাবধানী। যখন বুঝতে শিখেছি প্রতিদিন প্রতি মুহূর্তের দাম আছে। সেদিন থেকে সময় নষ্ট করতে আমার খুব কষ্ট হয়। কোন পরিকল্পিত কাজ যদি প্রয়োগ করতে না পারি বা ফলপ্রসু না…
সময়ের অপচয় /অমৃত মাইতি
সময়ের অপচয় সম্পর্কে আমি খুব ছোটবেলা থেকেই সাবধানী। যখন বুঝতে শিখেছি প্রতিদিন প্রতি মুহূর্তের দাম আছে। সেদিন থেকে সময় নষ্ট করতে আমার খুব কষ্ট হয়। কোন পরিকল্পিত কাজ যদি প্রয়োগ করতে না পারি বা ফলপ্রসু না হয় তাহলে আমার খুব খুব খারাপ লাগে । আমার ব্যক্তিগত দিনটি নষ্ট হয়ে গেল। হারিয়ে গেল জীবন থেকে একটা দিন এই ভাবনায় ছটফট করেছি সারাদিন। আমার রাজনৈতিক জীবনেও নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যেতাম কোন কর্মসূচিতে। এক মিনিট আগে যাব কিন্তু পরে যাব না। যত দুর্গম পথ হোক , প্রতিকূলতা হোক আমি কিন্তু সময়কে মহামূল্যবান বলে ব্যবহার করেছি। এটাই আমার সময়ের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা বোধ এবং এই আমার জীবনের বৈশিষ্ট। আজও অন্তত কিছু না কিছু লেখাপড়া না করলে মনে হয় জীবনের একটি পাতা ঝরে গেল। জীবনের মূল্যবান সময়গুলি চলে গেলে মনে হয় অপচয়। অনাদরে চলে যাওয়া সময় খুব পীড়া দেয়। ছোটবেলার কথা খুব মনে পড়ে। কোথাও যাওয়ার কথা ছিল হয়তো বাবা সময় দিতে পারেন নি। লুকিয়ে লুকিয়ে কেঁদে ফেলেছি। যেন কি হারিয়ে গেল। যেকোনো ঋতুতে কিংবা যে কোন দুর্যোগে আমি বসে থাকতে পারিনি কখনো। জীবনের প্রতিটি মুহূর্তকে যুদ্ধ মনে করেছি। এবং যুদ্ধ জয় করতেই হবে। তাহলে জীবন থেকে অপচয় কথাটি চিরতরে বিদায় নেবে।
দিন বা সময় অপচয় মানে মূলত নিজের জীবন ও মূল্যবান সম্ভাবনার অপচয়। একবার চলে যাওয়া সময় আর কখনোই ফিরে আসে না। তাই দৈনন্দিন রুটিন তৈরি করে, অপ্রয়োজনীয় কাজ বর্জন করে এবং নিজের লক্ষ্যকে অগ্রাধিকার দিয়ে সময়ের সঠিক সদ্ব্যবহার করা জরুরি। প্রোডাক্টিভিটি বিশ্লেষণ করে রুটিন তৈরি করতে হবে। লেখাপড়া কবিতা লেখাও উৎপাদনের মধ্যে পড়ে। ফসল ফলানো প্রতিটি মানুষের কাছে মূল্যবান , ঠিক তেমনি লেখালেখিও উৎপাদক। আপনি যদি মনে করেন সময়টিকে উল্লেখযোগ্য করে রাখবেন তাহলে প্রতিটি মুহূর্ত আপনার কাছে উৎপাদক।
রিল্যাক্সের সময়টুকুও অপচয় নয় কারণ ঠিক যেমন শরীরের প্রয়োজনে বিশ্রাম নেওয়া। বেঁচে থাকার জন্য খেলাধুলা শরীর চর্চা কখনোই অপচয় হতে পারে না। অলস সময় নষ্ট না করে শারীরিক ও মানসিক শ্রম কিন্তু অপচয় নয়। ডাক্তার বিজ্ঞানী শিক্ষক কেরানী কর্মচারী শ্রমিক কৃষক লেখক সবাই কিন্তু শ্রমিক। এই সমাজে বিন্দুমাত্র শারীরিক শ্রম না করেও বিলাসিতায় দিন কাটায় কেবলমাত্র পুঁজি বিনিয়োগ করে জীবন যাপন করে তাদের আমরা শ্রমজীবী বলি না।
শ্রমবিমুখ মানুষ অকর্মণ্য।এই সমাজে উৎপাদনের সঙ্গে যুক্ত থাকা প্রতিটি মানুষ সময়ের অপচয় করতে পারে না। আমরা যেন কেউ সময়ের অপচয় না করি।
