Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উত্তর ধলহরা হিন্দুবোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতী পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন

অরুণ কুমার সাউ, তমলুক: প্রাক্তনীদের সাফল্যে গর্বিত বিদ্যালয় প্রাঙ্গণ। ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বিশেষ সংবর্ধনা জানাল শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক গ্রামীণ চক্রের অন…


অরুণ কুমার সাউ, তমলুক: প্রাক্তনীদের সাফল্যে গর্বিত বিদ্যালয় প্রাঙ্গণ। ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বিশেষ সংবর্ধনা জানাল শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক গ্রামীণ চক্রের অন্তর্গত উত্তর ধলহরা হিন্দুবোর্ড প্রাথমিক বিদ্যালয়।চলতি বছর এই বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে যাওয়া মোট ২০ জন কৃতী পড়ুয়াকে এই সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে মাধ্যমিকের ৮ জন এবং উচ্চ মাধ্যমিকের ১২ জন ছাত্র-ছাত্রী রয়েছেন।বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয়, ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশের জন্য এখানে খেলাধুলা, ব্যায়াম, সাংস্কৃতিক চর্চা ও ছবি আঁকা সহ বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কর্মকান্ড সারা বছর জুড়েই পরিচালিত হয়ে থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত মণ্ডল জানান: "আমরা বিদ্যালয়ে পড়াশোনার মান বজায় রাখতে অত্যন্ত কড়া নজর দিই। সরকারের নির্ধারিত তিনটি পর্বের মূল্যায়নের পাশাপাশি আমরা নিয়মিত মাসিক মূল্যায়ন বা ক্লাস টেস্ট নিয়ে থাকি। এছাড়া নিয়মিত অভিভাবক সভা ডেকে পড়া ও লেখার খামতিগুলো পূরণ করার চেষ্টা করা হয়। বছর শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানও মহাসমারোহে উদযাপিত হয়।" অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয় উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক গৌর চন্দ্র সামন্ত বিদ্যালয় ও এলাকার শিক্ষানুরাগী মানুষদের ধন্যবাদ জানিয়ে বলেন, "তমলুক গ্রামীণ চক্রের মোট ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে উত্তর ধলহরা হিন্দুবোর্ড প্রাথমিক বিদ্যালয় বরাবরই একটি গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রাক্তনীদের এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলই তার সবচেয়ে বড় প্রমাণ।"তিনি আরও যোগ করেন, এই ধরনের আয়োজন শুধু আজ সংবর্ধিত কৃতীদেরই নয়, বরং আগামী দিনে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই নতুন প্রজন্মকেও সমানভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।এদিনের এই গৌরবোজ্জ্বল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতীদের উৎসাহিত করেন তমলুক হ্যামিলটন হাই স্কুলের প্রাক্তন শিক্ষক সরোজ কুমার মাইতি ,বিদ্যালয় উন্নয়ন কমিটি সম্পাদক অধ্যাপক গৌরচন্দ্র সামন্ত, শিক্ষক গুরুপ্রসাদ জানা, শিক্ষক সুরজিৎ গুছাইত ,সতীশ সাউ,স্থানীয় পঞ্চায়েত সদস্যা রাইমনি জানা। সমগ্র অনুষ্ঠানটিকে ঘিরে বিদ্যালয় ও সংলগ্ন এলাকায় এক উৎসবমুখর এবং আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল।