অরুণ কুমার সাউ নন্দকুমার: পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের প্রশাসনিক কাজকর্মের বাস্তব অভিজ্ঞতা দিতে এক অনন্য উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার কড়ক শচীন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চাঁদ পরামান…
অরুণ কুমার সাউ নন্দকুমার: পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের প্রশাসনিক কাজকর্মের বাস্তব অভিজ্ঞতা দিতে এক অনন্য উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার কড়ক শচীন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চাঁদ পরামানিকের উদ্যোগে নির্বাচিত ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হলো একটি বিশেষ শিক্ষামূলক পরিদর্শন।এদিন শিক্ষার্থীরা নন্দকুমার থানা, বিডিও অফিস, এসআই অফিস, নন্দকুমার গ্রামীণ হাসপাতাল এবং কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত অফিস ঘুরে দেখে। নন্দকুমার থানায় গিয়ে পড়ুয়ারা সাইবার অপরাধ প্রতিরোধ, উইমেন হেল্পডেস্ক এবং এফআইআর বা জিডি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারে।
বিডিও অফিসে দিনেশ কুমার দে স্বয়ং শিক্ষার্থীদের স্বাগত জানান এবং ব্লকের প্রশাসনিক কাজ ও সরকারি পরিষেবা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। কর্মীদের সহযোগিতায় ব্লক অফিসের বিভিন্ন শাখার কাজও ঘুরে দেখে তারা। গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের কাছ থেকে শিক্ষার্থীরা বাল্যবিবাহের কুফল, এইচপিভি ভ্যাকসিন, সাপে কামড়ের প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিষেবার নিয়মকানুন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য লাভ করে। এরপর কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে গিয়ে তারা জন্ম-মৃত্যুর শংসাপত্র, অন্নপূর্ণা যোজনা ও পঞ্চায়েত পরিচালনার প্রশাসনিক কাঠামো সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করে।
এই পরিদর্শনে প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষক কাঞ্চনবাবু, মাতৃকাবাবু ও প্রশান্ত বাবু উপস্থিত ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং দেশের প্রশাসনিক কাঠামো বুঝতে দারুণ সাহায্য করবে।



