অরুণ কুমার সাউ, খেজুরি:* বর্ষার দুপুরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো একই পরিবারের তিন নাবালক ভাই-বোনের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত আমজাদ নগর গ্রামে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে গোটা দাস…
অরুণ কুমার সাউ, খেজুরি:* বর্ষার দুপুরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো একই পরিবারের তিন নাবালক ভাই-বোনের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত আমজাদ নগর গ্রামে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে গোটা দাস পরিবার সহ সমগ্র এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শত শত গ্রামবাসী এই হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিন শিশুর মধ্যে বড় বোন মধুমিতা দাস (১১)। সে মূলত দিল্লিতে থাকত এবং সাঁতার জানত না। বাকি দুজনের মধ্যে রয়েছে ৯ বছর বয়সী এক ভাই এবং ৭ বছরের এক ছোট বোন।দুপুরের দিকে বাড়ীর কাছে একটি বড় পুকুরে ওই তিন শিশু একসঙ্গে স্নান করতে নামে। দিল্লিতে থাকার কারণে বড় বোন মধুমিতা সাঁতার জানত না এবং স্নান করার সময় অসাবধানতাবশত সে পুকুরের গভীর জলে তলিয়ে যেতে শুরু করে। দিদিকে ডুবতে দেখে তাকে উদ্ধার করার জন্য বাকি দুই ছোট ভাই-বোনও জলের দিকে এগিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত, গভীর জলের টানে তারা কেউই আর পুকুরের পাড়ে ফিরে আসতে পারেনি। পুকুরের জলেই পরস্পরকে বাঁচাতে গিয়ে তিনজনেরই সলিলসমাধি ঘটে। প্রতিবেশীরা জানান- "একটা বাচ্চাকে ডুবতে দেখে বাকি দুজন তাকে বাঁচাতে গিয়েছিল। কিন্তু পুকুরটি বড় এবং গভীর হওয়ায় কেউই আর পাড়ে ফিরতে পারল না। চোখের পলকে সব শেষ হয়ে গেল।"ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। একই পরিবারের তিন তিনটি সন্তানের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে আমজাদ নগর গ্রাম স্তব্ধ হয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার পুলিশ। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
