Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভাঙ্গন হুমায়ুন কবীরের দলে: তমলুকের প্রার্থী শেখ আসাদুল রহমানের পদত্যাগ

অরুণ কুমার সাউ, তমলুক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় ধাক্কা খেলেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর নবগঠিত দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (AJUP)-তে ফের ভাঙ্গন ধরল। পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা ২০৩ তমলুক বিধান…


অরুণ কুমার সাউ, তমলুক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় ধাক্কা খেলেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর নবগঠিত দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (AJUP)-তে ফের ভাঙ্গন ধরল। পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা ২০৩ তমলুক বিধানসভা কেন্দ্রের প্রার্থী শেখ আসাদুল রহমান দল থেকে পদত্যাগ করার ঘোষণা করেছেন।

শেখ আসাদুল রহমান মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সভাপতির পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন। তাঁর অভিযোগ, দলের অভ্যন্তরীণ রণকৌশল এবং আদর্শগত বিচ্যুতি তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি বলেন হুমায়ুন কবীরের দল বর্তমানে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি হুমায়ুন কবীরকে নিয়ে তৈরি হওয়া বিভিন্ন বিতর্ক এবং জোটের অস্থিরতা দলের নিচুতলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।

পদত্যাগের পাশাপাশি শেখ আসাদুল রহমান এক চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন। তিনি তাঁর সমস্ত সমর্থক এবং সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেন। তিনি জানান, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে এবং বাংলার উন্নয়ন অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করাই বর্তমান সময়ের প্রধান কাজ।তমলুকের মতো গুরুত্বপূর্ণ আসনে জেতা তো দূর থাক, ভোটের ঠিক আগে প্রার্থীর দলত্যাগ ও বিরোধী পক্ষকে সমর্থনের ডাক হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যতের ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিল। 

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে সংখ্যালঘু ভোটব্যাংক অটুট রাখতে শেখ আসাদুল রহমানের এই সিদ্ধান্ত তৃণমূল শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হুমায়ুন কবীর বা আম জনতা উন্নয়ন পার্টির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।