অরুণ কুমার সাউ, পূর্ব মেদিনীপুর: "সাইকেল হোক জীবনের সাথী, সবুজ পৃথিবী গড়ার মতে / ধোঁয়া নয় চাই নির্মল বাতাস, সুস্থ শরীরও একই পথে"— এই স্লোগানকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সাড়ম্বরে উদযাপিত হলো বিশ্ব সাইকেল দিবস।…
অরুণ কুমার সাউ, পূর্ব মেদিনীপুর: "সাইকেল হোক জীবনের সাথী, সবুজ পৃথিবী গড়ার মতে / ধোঁয়া নয় চাই নির্মল বাতাস, সুস্থ শরীরও একই পথে"— এই স্লোগানকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সাড়ম্বরে উদযাপিত হলো বিশ্ব সাইকেল দিবস। গত ৩ জুন মূল দিবসটি হলেও, রবিবার সরকারি উদ্যোগে জেলাজুড়ে ' Sundays on Cycle ' শিরোনামে এই বিশেষ কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ, দূষণমুক্ত যাতায়াত এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে জেলার বিভিন্ন মহকুমায় মন্ত্রী, বিধায়ক, প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা সাইকেল র্যালিতে অংশ নেন। তমলুক মহকুমা প্রশাসনের উদ্যোগে এসডিও অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। সবুজ পতাকা নেড়ে এই র্যালির শুভ উদ্বোধন করেন তমলুকের বিধায়ক তথা মন্ত্রী ডঃ হরেকৃষ্ণ বেরা। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মচারীবৃন্দ। বক্তারা দৈনন্দিন জীবনে সাইকেলের ব্যবহার বাড়ানোর উপর বিশেষ জোর দেন। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণেও মূল অনুষ্ঠানটি সাড়ম্বরে পালিত হয়। সেখানে জেলাশাসক নিরঞ্জন কুমার, অতিরিক্ত জেলাশাসকগণ এবং এনসিসি ক্যাডেট, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ সাইকেল র্যালিতে পা মেলান। সুস্বাস্থ্য ও পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যম হিসেবে সাইকেলের গুরুত্বের কথা মনে করিয়ে দেন জেলাশাসক।হলদিয়া মহকুমা অফিসের উদ্যোগে এবং হলদিয়া ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় হলদিয়াতেও একটি জমকালো সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে হলদিয়ার বিধায়ক, হলদিয়ার এসডিও ম্যাডাম, হলদিয়া উন্নয়ন পরিষদের সিইও সাহেব এবং হলদিয়া থানার আই সি সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহের সাথে এই র্যালিতে অংশ নেয়।কর্মসূচির মূল বার্তা ছিল— “সাইকেল চালাও, সুস্থ থাকো; পরিবেশ দূষণমুক্ত রাখো।” কোলাঘাট ও চণ্ডীপুরে বিধায়কদের অভিনব উদ্যোগ
স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় এবং ফিজিক্যালি এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে কোলাঘাট থেকে রামচন্দ্রপুর পর্যন্ত একটি দীর্ঘ সাইকেল র্যালির আয়োজন করা হয়। এই র্যালির উদ্বোধন করেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি এবং সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক সিন্টু সেনাপতি।সবচেয়ে নজরকাড়া দৃশ্যটি দেখা যায় চণ্ডীপুরে। চণ্ডীপুর ব্লক যুবকরণ, উন্নয়ন ব্লক ও স্থানীয় বিধায়কের যৌথ সহযোগিতায় আয়োজিত র্যালিতে অংশ নেন চণ্ডীপুরের বিধায়ক, বিডিও এবং বিওয়াইও । সচরাচর সাইকেল চালানোর অভ্যাস না থাকা সত্ত্বেও, পরিবেশ ও স্বাস্থ্যের স্বার্থে এ তাঁরা দীর্ঘ পথ সাইকেল চালিয়ে পরিক্রমা করেন। র্যালি শেষে একটি সচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
এছাড়াও ময়না ব্লক প্রশাসনের উদ্যোগেও আধিকারিকদের উপস্থিতিতে অত্যন্ত মর্যাদার সাথে বিশ্ব সাইকেল দিবস পালন করা হয়। সামগ্রিকভাবে, রবিবাসরীয় সকালে গোটা পূর্ব মেদিনীপুর জেলা যেন সাইকেলের চাকায় ভর করে এক সুস্থ ও সবুজ পৃথিবীর বার্তা দিল।

