অরুণ কুমার সাউ, তমলুক: বাঙালি মানেই চা আর আড্ডা। আর সেই চায়ের আড্ডা থেকেই যে সমাজ বদলের বা সামাজিক হিতসাধনের দুর্দান্ত কোনো ভাবনা উঠে আসতে পারে, তারই এক অনন্য নজির সৃষ্টি হলো তমলুকে।
রাজ্যজুড়ে চলা চরম রক্তের সংকট মেটাতে এগিয়ে এল…
অরুণ কুমার সাউ, তমলুক: বাঙালি মানেই চা আর আড্ডা। আর সেই চায়ের আড্ডা থেকেই যে সমাজ বদলের বা সামাজিক হিতসাধনের দুর্দান্ত কোনো ভাবনা উঠে আসতে পারে, তারই এক অনন্য নজির সৃষ্টি হলো তমলুকে।
রাজ্যজুড়ে চলা চরম রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো একঝাঁক তরতাজা যুবক। চায়ের ঠেকে আড্ডার মাঝেই জন্ম নেওয়া এক ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে নজির গড়ল তমলুকের ‘টিম হোপ’।বর্তমান সময়ে রাজ্যজুড়ে লাগাতার রক্তের সংকট চলছে। প্রতিদিন রক্তের জন্য রক্তদাতার খোঁজ করছেন রোগীর পরিবার পরিজনেরা। সেই মানবিক আবেদনকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে চলেছেন রক্তদান আন্দোলনের কর্মীরা।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তমলুকের একদল যুবক, যারা প্রতিদিন সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডায় বসেন, তাঁরাই নেন এক ব্যতিক্রমী উদ্যোগ। শুরু করেছে মানুষের মনে আশা জাগাতে। শুধু আড্ডায় সময় নষ্ট না করে, কীভাবে সমাজের কাজে লাগা যায়— এই ভাবনা থেকেই তাঁরা গড়ে তোলেন রক্তদানের আন্দোলন। চায়ের আড্ডা শুধু নিছক গল্পগুজবের জায়গা নয়, সেখান থেকেও যে একটি মহৎ সামাজিক কর্মসূচি করা যায়, তা প্রমাণ করে দেখালো ‘টিম হোপ’।
তমলুকের নারায়ণদাঁড়িতে ‘টিম হোপ’ এর উদ্যোগে একটি মহতী রক্তদান উৎসব ও পরিবেশ দিবস পালিত হয়। চায়ের ঠেক থেকে শুরু হওয়া এই উদ্যোগে সাড়া দিয়ে ২২ জন মানুষ রক্তদানে এগিয়ে আসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমলতাস গাছের চারা লাগিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত সমস্ত অতিথিদের উপহার হিসেবে বই ও বটগাছের চারা দিয়ে বরণ করে । পরিবেশ ভাবনাকে মাথায় রেখে সমস্ত রক্তদাতাদের হাতে গাছের চারা উপহার হিসেবে তুলে দেয়া হয়। এদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন-এর সম্পাদক সন্দীপ চক্রবর্তী, আস্তারা গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি ভবানী চারণ মাইতি, সমাজসেবী সিদ্ধেশ্বর রায়, গ্রামীণ চিকিৎসক কমল নন্দ, স্বপন মান্না, নাট্য শিল্পী চন্দন অধিকারী, নাট্যশিল্পী সৌম্যদীপ দাস, বিজয় সামন্ত , পৃথ্বীশ ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিন শিবিরে রক্ত সংগ্ৰহ করে নন্দীগ্রাম ব্লাড সেন্টার। অনুষ্ঠানে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সন্দীপ চক্রবর্তী, থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করেন সমাজসেবী ও রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী সিদ্ধেশ্বর রায়। এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একদিকে যেমন এই মহান রক্তদাতাদের কৃতজ্ঞতা জানানো হয়েছে, ঠিক তেমনই বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে বিনম্র আবেদন রাখা হয়েছে— যেন বিয়ে, জন্মদিন বা যেকোনো সামাজিক অনুষ্ঠানে ছোট-বড় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তের এই সংকটকালীন পরিস্থিতিতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। ‘টিম হোপ’- এর পক্ষ থেকে দেবাঞ্জন অধিকারী ও শুভময় সৎপতি বলেন সমাজ ও পরিবেশের জন্য নানান কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী। এই কর্মকাণ্ডে সমাজের কিছু মানুষকে এগিয়ে এসে পাশে পেতে চাই।




