*অরুণ কুমার সাউ, তমলুক:*: তাম্রলিপ্ত পৌর শ্রমিক কর্মচারী সংঘের উদ্যোগে, শ্রদ্ধার সাথে পালিত হলো ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস।বৃহস্পতিবার তাম্রলিপ্ত পৌরসভা ভবনের সামনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপ…
*অরুণ কুমার সাউ, তমলুক:*: তাম্রলিপ্ত পৌর শ্রমিক কর্মচারী সংঘের উদ্যোগে, শ্রদ্ধার সাথে পালিত হলো ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস।বৃহস্পতিবার তাম্রলিপ্ত পৌরসভা ভবনের সামনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই ভারতীয় মজদুর সংঘের তমলুক মন্ডলীর সভাপতি রঞ্জিত চক্রবর্তী সংগঠনের পতাকা উত্তোলন করেন। এরপর ভারতমাতা, শিল্প দেবতা বিশ্বকর্মা এবং ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাতা দত্তোপন্ত থেঙ্গাদির প্রতিকৃতিতে মাল্যদান করে গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সদস্য ও নেতৃত্বরা।১৯৫৫ সালের ২৩শে জুলাই দত্তোপন্ত থেঙ্গাদির হাত ধরে পথ চলা শুরু করেছিল ভারতীয় মজদুর সংঘ । আজ তা দেশের অন্যতম বৃহত্তম শ্রমিক সংগঠনে পরিণত হয়েছে।এই উদযাপনে তাম্রলিপ্ত পৌরসভার বহু সংখ্যক শ্রমিক ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পৌর কর্মচারীদের মধ্যে সংগঠনের প্রভাব ও গ্রহণযোগ্যতা যে ক্রমশ বাড়ছে, এদিনের উপস্থিতি তারই প্রমাণ দেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাম্রলিপ্ত পৌর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার দত্ত বলেন,"শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে প্রতিটি কর্মচারীর একতাবদ্ধ হওয়া প্রয়োজন।"একই সাথে পৌরসভার সমস্ত কর্মচারীকে এই সংগঠনের পতাকাতলে এসে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।সব মিলিয়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তাম্রলিপ্ত পৌরসভা প্রাঙ্গণে বিএমএস-এর প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো।


