অরুণ কুমার সাউ, মহিষাদল: দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক অভিনব উদ্যোগ নিল মহিষাদলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দেশের স্বাধীনতা ও সুরক্ষায় যেসব বীর সন্তানরা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মৃতিকে সম্মান জানাতে মহিষাদল …
অরুণ কুমার সাউ, মহিষাদল: দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক অভিনব উদ্যোগ নিল মহিষাদলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দেশের স্বাধীনতা ও সুরক্ষায় যেসব বীর সন্তানরা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের স্মৃতিকে সম্মান জানাতে মহিষাদল এলাকার শহীদ বেদী ও তার সংলগ্ন নোংরা এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ সম্পন্ন করা হলো।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘মহিষাদল বিদ্যাসাগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’-র উদ্যোগে এই মহৎ কাজটি সম্পন্ন হয়েছে।এদিন সকাল থেকেই সংস্থার একদল উৎসাহী ছাত্র-ছাত্রী এবং এলাকার কিছু সহৃদয় শুভানুধ্যায়ী এই সাফাই অভিযানে হাত মেলান। শহীদ বেদী ও তার আশপাশের জমে থাকা আবর্জনা, প্লাস্টিক ও আগাছা পরিষ্কার করে পুরো এলাকাটিকে ঝকঝকে করে তোলেন তাঁরা। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।মহিষাদল বিদ্যাসাগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় কুমার দাস বলেন "যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক, তাঁদের স্মৃতিবিজড়িত স্থানটি অবহেলায় নোংরা হয়ে পড়ে থাকবে, তা মেনে নেওয়া যায় না। আমাদের ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই সাফাই কাজ সম্পন্ন করেছে। আগামীদিনেও আমাদের এই ধরনের সামাজিক কাজ অব্যাহত থাকবে।"
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল পরিষ্কার করাই শেষ কথা নয়, শহীদ বেদীর পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলার জন্য এলাকার পথচারী ও দোকানদারদের প্রতি আবেদন জানিয়েছেন সংস্থার সদস্যরা।


