অরুণ কুমার সাউ, তমলুক: ফুটবলের মরশুমে বাঙালির ফুটবল-প্রেম আরও একবার প্রমাণ করে দিল পূর্ব মেদিনীপুর। সম্প্রতি তমলুকের রাধামণির নেতাজি স্পোর্টিং ক্লাবের সভাগৃহে অত্যন্ত সাফল্যের সাথে আয়োজিত হয়ে গেল সারা বাংলা বিশ্বকাপ ফুটবল কুইজ প্…
অরুণ কুমার সাউ, তমলুক: ফুটবলের মরশুমে বাঙালির ফুটবল-প্রেম আরও একবার প্রমাণ করে দিল পূর্ব মেদিনীপুর। সম্প্রতি তমলুকের রাধামণির নেতাজি স্পোর্টিং ক্লাবের সভাগৃহে অত্যন্ত সাফল্যের সাথে আয়োজিত হয়ে গেল সারা বাংলা বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতা ‘ফেয়ার ফুট’ সিজন ১।প্রতিযোগিতার মূল আয়োজক ছিল জেলা তথা রাজ্যের কুইজ জগতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় টিম ‘কুইজ কেয়ার’।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অত্যন্ত দক্ষ ৩২টি প্রতিযোগী দল এই কুইজ আসরে অংশ নেয়। প্রথম পর্বে ২৫টি কঠিন ও তথ্যসমৃদ্ধ প্রশ্নের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
সেখান থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মূল ফাইনালে উন্নীত হয় ১০টি দল। ফাইনালে ছিল ৫০টি বুদ্ধিদীপ্ত এবং বৈচিত্র্যময় প্রশ্নের সম্ভার।কুইজ পরিচালনার দায়িত্বে ছিলেন কুইজ কেয়ারের অভিজ্ঞ কুইজ মাস্টার প্রীতম ঘোষাল, সতীনাথ মাইতি এবং শেখ মুজাফফর। এছাড়াও বিশেষ অতিথি কুইজ মাস্টার হিসেবে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন সন্দীপন দাস। চারজন কুইজ মাস্টারের সুচারু ও আকর্ষণীয় উপস্থাপনা প্রতিযোগিতাকে এক অনন্য মাত্রায় নিয়ে যায়।৫০টি প্রশ্নের রুদ্ধশ্বাস পর্বের পর কুইজের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়।
সেরাদের সেরা হিসেবে প্রথম স্থান লাভ করে শুভ দত্ত ও অর্ণব চৌধুরী। দ্বিতীয় স্থান লাভ করে রাজা চক্রবর্তী ও সুমন কুমার নিয়োগী। তৃতীয় স্থান লাভ করে অতন্দ্র দে ও সায়ন্তন মণ্ডল। অন্যান্য অংশগ্রহণকারী দলগুলিও তাদের অসাধারণ ক্রীড়াজ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পুরো আসরটিকে জমিয়ে রাখে।কুইজ কেয়ারের সম্পাদক দীপসুন্দর দিন্দা বলেন -"জেলায় তৃতীয়বারের জন্য বিশ্বকাপ ফুটবল কুইজের আয়োজন হলেও, ‘ফেয়ার-ফুট’ সিজন ১-এর এই প্রথম আসরেই অভাবনীয় সাড়া মিলেছে। রাজ্যের বিভিন্ন কোণ থেকে কুইজ-প্রেমীদের এমন সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজনকে সফল করে তুলেছে"।অন্যতম কুইজ মাস্টার তথা আয়োজক সতীনাথ মাইতি জানান, "রাজ্যের নামী প্রথিতযশা কুইজারদের পাশাপাশি আমাদের জেলার কুইজাররাও দারুণ দক্ষতার সাথে ও সক্রিয়ভাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কুইজের মূল উদ্দেশ্য এখানেই সফল হয়েছে। আগামী বিশ্বকাপেও আমরা আরও বড় ও নতুন আয়োজন নিয়ে ফিরে আসার আশা রাখছি।" পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা ও নেপথ্য সহযোগিতা করতে অক্লান্ত পরিশ্রম করেছেন অঙ্কন হাইত, শুভদীপ মাজি, সোমনাথ মাইতি, সাহেব মাইতি প্রমুখ।
অন্যদিকে, নিখুঁত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কোরিংয়ের দায়িত্ব দক্ষতার সাথে সামলেছেন জেলার কুইজ জগতের অত্যন্ত চেনা মুখ রাকেশ মুখার্জি।অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থেকে কুইজারদের উৎসাহিত করেন জেলার কুইজ অভিভাবক শ্রদ্ধেয় সৌগত কান্ডার মহাশয় এবং অরুনাংশু প্রধান মহাশয়।
তাঁদের উপস্থিতি এবং কুইজ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা গোটা আয়োজনটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। সামগ্রিকভাবে, 'কুইজ কেয়ার'-এর এই নান্দনিক প্রচেষ্টা জেলার ক্রীড়াসংস্কৃতি ও কুইজ চর্চাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।




