অরুণ কুমার সাউ, চন্ডিপুর : শিক্ষা ও শিক্ষক আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির চণ্ডীপুর-২ এবং নরঘাট চক্রের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হলো চণ্ডীপুর বাজারের লায়ন্স ক্লাবে।সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে শ্রে…
অরুণ কুমার সাউ, চন্ডিপুর : শিক্ষা ও শিক্ষক আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির চণ্ডীপুর-২ এবং নরঘাট চক্রের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হলো চণ্ডীপুর বাজারের লায়ন্স ক্লাবে।সম্মেলনে শিক্ষার মানোন্নয়নে শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগ, শিশু শ্রেণীর নির্দিষ্ট পাঠ্যসূচি ও বিজ্ঞানভিত্তিক সিলেবাস প্রণয়ন, শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদান বহির্ভূত কাজে যুক্ত না করা, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ প্রদান, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল এবং অনৈতিক টেট পরীক্ষা প্রত্যাহারের দাবিতে একযোগে প্রস্তাব গৃহীত হয়।সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সতীশ সাউ, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু বিজুলী, শিপ্রা মিশ্র মাইতি, কবিতা পাল দাস, অরবিন্দ মাইতি, অনমিত্র জানা, বগলা প্রসাদ তালধী, সুবিনয় বারিক, সেক মনিরুজ্জামান, রবি শঙ্কর গুড়িয়া ও কালী কিংকর মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সতীশ সাউ কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "সারা দেশে লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে থাকা সত্ত্বেও নিয়োগ না করে এবং মূল্যায়নের নামে পরীক্ষার প্রহসন চালিয়ে শিক্ষাব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত এস আই আর ও সেন্সাসের মতো শিক্ষাদান বহির্ভূত কাজে শিক্ষকদের জড়িয়ে পাঠদান ব্যাহত করা হচ্ছে। এই অনৈতিক টেট ও শিক্ষাবিরোধী নীতির বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ গড়ে তোলাই সমিতির মূল লক্ষ্য।"
সম্মেলন থেকে আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতার কলেজ স্কোয়ার এবং উত্তরবঙ্গে আয়োজিত শিক্ষক সমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামী ২০শে সেপ্টেম্বর তমলুক শহরে আয়োজিত জেলা সম্মেলনকে সফল করার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠান চলাকালীন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও সংগীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।সম্মেলনের শেষ পর্বে আগামী মেয়াদের জন্য দুই চক্রের নতুন কমিটি গঠিত হয়।

