নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : .শিক্ষা প্রতিষ্ঠান মানে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিক গঠন বিকাশ, সামাজিক কাজকর্মে অংশগ্রহণ ও সৌভ্রাতৃত্ববোধের পাঠ শেখানো হয়। আর এই কারণেই সহপাঠক্রমিক কার্যাবলির গুর…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : .শিক্ষা প্রতিষ্ঠান মানে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিক গঠন বিকাশ, সামাজিক কাজকর্মে অংশগ্রহণ ও সৌভ্রাতৃত্ববোধের পাঠ শেখানো হয়। আর এই কারণেই সহপাঠক্রমিক কার্যাবলির গুরুত্ব রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর গ্রামীণের অন্তর্গত এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি সারাবছর ধরে চলে সহপাঠক্রমিক কর্মসূচি। আজ এমনই এক ছবি ধরা পড়লো এই মাদ্রাসায়। মিড ডে মিল রান্না ও পরিবেশনের জন্য স্বসহায়ক গোষ্ঠীর কর্মী নিযুক্ত থাকলেও সপ্তাহে একদিন মিড ডে মিল পরিবেশন করে অষ্টম শ্রেণির ছাত্রীবৃন্দ।
আজ অষ্টম শ্রেণির চারজন ছাত্রী পরিবেশন করলো মিড ডে মিল। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীবৃন্দকে তাদের কেউ পাতে তুলে দিল ভাত, আবার কেউ তুলে দিল ডাল ও সয়াবিনের তরকারি। সহপাঠী ও দিদিদের কাছ থেকে এমন পরিবেশন পেয়ে খুশি পঞ্চম- অষ্টম শ্রেণির পড়ুয়ারা। পরিবেশনকারি পড়ুয়ারাও উৎসাহের সঙ্গে পরিবেশন করতে পেরে খুশি। মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত মাদ্রাসার শিক্ষক চন্ডীচরণ রাউত বলেন- 'পড়াশোনার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলির অংশ হিসেবে খাদ্য পরিবেশন করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষাঙ্গন থেকেই খাদ্য পরিবেশনের পাঠ শিখুক ছাত্রীরা।' এই শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল পরিবেশন দেখভাল করার দায়িত্বে থাকেন শিক্ষক-শিক্ষিকাগণ। সাপ্তাহিক রুটিন মাফিক আজ দায়িত্বে ছিলেন নরসিংহ দাস, চিত্ততোষ পৈড়া ও রাজীব হোসেন খান।
শ্রেণি ভিত্তিক ছাত্রছাত্রীদের আলাদা আলাদা লাইনে দাঁড় করানো, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নেওয়া, খাবার নেওয়ার পর নির্দিষ্ট আসনে বসা, খাবার নষ্ট না করা, খাবার শেষে খাবারের অবশিষ্টাংশ নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা এবং থালা ভালোভাবে পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রাখার দায়িত্ব সামলাতে হয় উনাদের। মাদ্রাসার প্রধান শিক্ষক নূর আলম বলেন- 'মাদ্রাসায় নিয়মিত মিড ডে মিল পরিবেশন করা হয়।
পঞ্চম - অষ্টম শ্রেণির সকল পড়ুয়ারা সুশৃঙ্খলভাবে মিড ডে মিল সংগ্রহ করে। সপ্তাহের একটি দিনে অষ্টম শ্রেণির ছাত্রীদের দ্বারা মিড ডে মিল পরিবেশনের মাধ্যমে তাদেরকে পারিবারিক পরিবেশের পাঠও শেখানো হয়।'



