Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাটলিনা চ্যানেল জয় মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : আবারও ক্রীড়া ক্ষেত্রে বাংলার মুকুটে জুড়লো নতুন পালক। প্রশান্ত মহাসাগরের দুর্গম ক্যাটলিনা চ্যানেল জয় করলেন মেদিনীপুরের উদীয়মান সাঁতারু আফরিন জাবি।
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের দেওয…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : আবারও ক্রীড়া ক্ষেত্রে বাংলার মুকুটে জুড়লো নতুন পালক। প্রশান্ত মহাসাগরের দুর্গম ক্যাটলিনা চ্যানেল জয় করলেন মেদিনীপুরের উদীয়মান সাঁতারু আফরিন জাবি।

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক এলাকার বাসিন্দা আফরিন জাবি। দেওয়ান বাবা চকের বাড়িতে বাবা পিয়ার আলি, মা সাবিনা পারভীন ,দাদা আদিল মহম্মদ ও বৌদ রিজুয়ানা ইয়াসমিনের সঙ্গে থাকেন আফরিন।সাঁতারু আফরিন সাঁতারের শিক্ষা শুরু মেদিনীপুর সুইমিং ক্লাবে। আফরিন এবার জয় করলেন আমেরিকার ক্যাটলিনা চ্যানেল। ভারতীয় সময় ২৩ শে সেপ্টেম্বর,বেলা ১১ টা ৫৮ নাগাদ(আমেরিকায় তখন গভীর রাত) সান পেড্রো থেকে সাঁতার শুরু করেন আফরিন। গভীর রাত থেকে ভোর ও পরের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত সাঁতার কেটে দীর্ঘ প্রায় ৩২.৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে তাঁকে মোকাবিলা করতে হয়েছে প্রবল ঢেউ, প্রতিকূল সমুদ্রস্রোত এবং রাতের অন্ধকারের। এর পাশাপাশি সমুদ্রে জেলিফিশের উপস্থিতিও বাড়তি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে শেষ পর্যন্ত ক্যাটলিনা চ্যানেলের গন্তব্যে পৌঁছে যান আফরিন। ভারতে সময় তখন ২৪ শে সেপ্টেম্বর ভোর ২ টা ৫৮ মিনিট ৫১ সেকেন্ড ।এই দীর্ঘ পথ অতিক্রম করতে তাঁর সময় লাগে ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড। আফরিনের সাথে আমেরিকায় থাকা, আফরিনের বাবা পিয়ার আলী জানান, ক্যাটলিনা চ্যানেল জয়ের যাত্রাপথ যথেষ্ট কঠিন ছিল। সমুদ্রে ব্লু হোয়েল, সি লায়ন এবং তিমিরও দেখা মিলেছিল বলে জানান তিনি। যদিও সেগুলি আফরিনের নজরে পড়েনি, তবে জেলিফিশের কারণে সমস্যায় পড়তে হয় তাঁকে।


এর আগেও আন্তর্জাতিক সাঁতারে একের পর এক সাফল্য এসেছে আফরিনের ঝুলিতে। ২০২৫ সালের ২৯ জুলাই ১৩ ঘণ্টা ১৩ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন তিনি। তখন সাথে ছিলেন দাদা আদিল মহম্মদ ও বৌদি রিজুয়ানা ইয়াসমিন। এরপর ২০২৬ সালের মে মাসে ৭ ঘণ্টা ৫ মিনিটে পাক প্রণালী পেরিয়ে নজির গড়েন। সেবার সাথে ছিলেন বাবা পিয়ার আলী ও মা সাবিনা পারভীন।এবার সেই সাফল্যের তালিকায় যুক্ত হল ক্যাটলিনা চ্যানেল জয়ের মুকুট।


প্রতিকূল সমুদ্র, দীর্ঘ পথ আর একের পর এক চ্যালেঞ্জকে পেরিয়ে আফরিনের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি তাঁর পরিবার, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা। মেদিনীপুর শহরের এই কৃতী সাঁতারুর সাফল্যে গর্বিত গোটা জেলা। গোটা সামাজিক মাধ্যম জুড়ে আফরিন জাবির খবর। পরিবারের পক্ষ জেলার ডিএম, এস পি সহ সমস্ত শুভানুধ্যায়ীদের ও স্পনসরদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।