নিজস্ব প্রতিবেদক,বেলদা, পশ্চিম মেদিনীপুর....ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) দ্রুত বিকাশ মানুষের জীবনযাত্রার পাশাপাশি কর্ম ক্ষেত্রের চেনা সমীকরণগুলোকে কীভাবে বদলে দিচ্ছে তা নিয়ে ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিখন সংস…
নিজস্ব প্রতিবেদক,বেলদা, পশ্চিম মেদিনীপুর....
ডিজিটাল প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) দ্রুত বিকাশ মানুষের জীবনযাত্রার পাশাপাশি কর্ম ক্ষেত্রের চেনা সমীকরণগুলোকে কীভাবে বদলে দিচ্ছে তা নিয়ে ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিখন সংস্থার ব্যবস্থাপনায়, কলেজের IQAC এবং অভ্যুদয় (Abhyudaya) সহযোগিতায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এই আলোচনা সভার মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. সুপ্তেন্দ্র নাথ সর্বাধিকারী। ড. সর্বাধিকারী হলেন ভারতের ডিজিটাল হেলথ এবং হেলথ ইনফরমেটিক্স ক্ষেত্রের একজন পথিকৃৎ। তিনি একাধারে একজন চিকিৎসক, গবেষক এবং ডিজিটাল স্বাস্থ্য মানদণ্ড বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ।
সেমিনারে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি এবং
বেলদা গঙ্গাধর একাডেমির প্রধান শিক্ষক সম্মানীয় কার্তিক চন্দ্র আচার্য এবং আজকের এই সেমিনারের সহযোগী সংস্থা অভ্যুদয় (Abhyudaya) এর শিক্ষা উপদেষ্টা অনিমেষ পাত্র মহাশয়, বিভাগীয় প্রধান সুমনা মাইতি ও বি এড এর সমর মাইতি মহোদয়। অতিথি বরণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আলোচনা সভার শুভ সূচনা হয়। আলোচনা সভার শুরুতে সভাপতি মহাশয়ের সূচন কথা দিয়ে আলোচনা শুরু হয়। সূচন কথাতে তিনি বলেন ,আমরা আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে বিজ্ঞান কল্পকাহিনীর জগত আমাদের বাস্তব জীবনের অংশ হয়ে উঠেছে। বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজ আর কেবল গবেষণাগারে সীমাবদ্ধ কোন প্রযুক্তি নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসছে। এরপর মুখ্য আলোচক মহাশয় আজকের বিষয় সম্পর্কে তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন এই নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার চাবিকাঠি হলো একটি রিস্কিলিং বা পুন:দক্ষতা অর্জন এবং ধারাবাহিক শিক্ষা আমাদের চিরাচরিত মুখস্ত বিদ্যার পড়াশোনা থেকে বেরিয়ে এসে প্রযুক্তি ভিত্তিক শিক্ষা এবং একই সাথে মানুষের নিজস্ব মানবিক সাধারণ জ্ঞান সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।
বক্তব্যের শেষে কলেজে শিক্ষার্থীরা কিছু প্রশ্ন করেন তার যথাযথ উত্তর তিনি দেন। কলেজের অধ্যক্ষ মহাশয় ও মুখ্য আলোচকের কাছে কিছু জানতে চান, প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ কার্যে AI কে কিভাবে ব্যবহার করবে? তিনি আরো জানতে চান AI আর কোন কোন ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। মুখ্য আলোচক তার সমাপ্তি ভাষণে AI কে ভবিষ্যৎ জীবনে কিভাবে কাজে লাগানো যাবে তার উল্লেখ করেন এবং প্রশিক্ষনার্থীদের AI সমন্ধে জানার জন্য আরো উৎসাহিত হতে বলেন। সবশেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহাশয় ডঃ সিদ্ধার্থ শংকর মিশ্র মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করেন।


