হিজলি টাইটেল ক্যানেলের পূর্ব পাড়ে অবস্থিত শিবরামপুর বাজার। (নন্দীগ্রাম,পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ) রেয়াপাড়া এবং ঘোলপুকুরিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই বাজারটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। শিবরামপুর বাজার থেকে রেয়াপাড়া ঘাটের…
হিজলি টাইটেল ক্যানেলের পূর্ব পাড়ে অবস্থিত শিবরামপুর বাজার। (নন্দীগ্রাম,পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ) রেয়াপাড়া এবং ঘোলপুকুরিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই বাজারটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। শিবরামপুর বাজার থেকে রেয়াপাড়া ঘাটের দূরত্ব তিন কিলোমিটার এবং শিবরামপুর বাজার এবং ঘাট থেকে ঘোলপুকুরিয়া বাজার বা ঘাট পর্যন্ত দূরত্ব চার কিলোমিটার। অর্থাৎ ৭ কিলোমিটারের মধ্যে কোথাও কোন হাট বাজার দোকানপাট ছিল না। ক্যানেলপাড় ছিল ঘন জঙ্গলে আকীর্ণ, দুর্গম পথ। শিবরামপুর ঘাট সন্নিকটস্থ পূর্ব পাড়ে প্রয়াত জগদীশ মণ্ডলের একটি ছোট্ট দোকান ছিল। এবং করুণাসিন্ধু দাশের একটি দোকান ছিল। পথচারীদের আশ্রয় নেওয়া ,বসার আর কোন জায়গা ছিল না। ক্যানেলের পশ্চিমাংশ থেকে কাঠের চাপে (কাঠের তৈরি চৌকো জলযান) পেরিয়ে পূর্বাংশàaa আসতে হতো। আমরা পশ্চিমাংশ থেকে মাঝে মাঝে ওই চাপ পেরিয়ে জড়ো হতাম। ইচ্ছে হলো এই দুর্গম এলাকায় কয়েকটি গ্রামের মানুষের প্রয়োজন মেটানোর জন্য যদি একটি বাজার গড়ে তোলা যায়। শুরু হলো পরিকল্পনা চর্চা। প্রচন্ড আগ্রহ এবং আবেগ আমাদের মধ্যে দেখা দেয় । একটা নতুন কিছু করার উন্মাদনা তৈরি হয় মনের মধ্যে। মনে মনে স্বপ্ন দেখছি একটা বাজার গড়ে উঠছে। একটি নির্দিষ্ট দিনে বাজার শুরু হল। বৃহস্পতিবার এবং সোমবার ধারেপাশে কোথাও বাজার ছিল না। তাই এই দুটি দিন ধার্য হল। এই সমস্ত এলাকায় অনেক স্বাধীনতা সংগ্রামীদের কর্মকাণ্ড ছিল। আমি যতটুকু তথ্য পেয়েছি তার ভিত্তিতে বলতে পারি শিবরামপুর গ্রামে প্রতাপচন্দ্র মাইতি, দেবব্রত সরকার, প্রজাপতি পাত্র এবং রঙ্গিনিপুরে বারদাকান্ত দাস এর বাড়ি ইংরেজরা রেড করেছিল। বাড়িঘর ভাঙচুর করেছিল। ইংরেজ আমলে খনন করা এই জলপথটি যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের কারণে খনন করা হয়েছিল । এই জলপথেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওড়িশায় গিয়েছিলেন তাঁদের জমিদারির কাজ দেখাশোনা করতে। সেই তারিখটি ছিল ১৮৯৭ সালের ২১ অক্টোবর। পরবর্তীকালে গান্ধীজি কাঁথি অভিমুখে যাত্রা করেছিলেন এই পথ দিয়ে ১৯৪৫ সালের ৩০ শে ডিসেম্বর। তিনি মহিষাদলে ৫ দিন অবস্থান করার পরে এই জলপথ দিয়ে শিবরামপুরের উপর দিয়ে কাঁথি অভিমুখে যান।
এমন একটি গুরুত্বপূর্ণ জলপথের উপরে কিছু একটা গড়ে তোলার উদগ্র বাসনা যুবক বয়সে হওয়াটা স্বাভাবিক। নন্দীগ্রাম থানা জুড়ে সেলুলার জেল ফেরত ভূপাল পান্ডার নেতৃত্বে তেভাগা আন্দোলন শুরু হয়। আমার বাবা প্রয়াত প্রতাপচন্দ্র মাইতি ৪২ এর আগস্ট আন্দোলনের একজন সৈনিক ছিলেন। ১৯৭০ সালের আগে থেকেই এই সমস্ত এলাকায় আমি ক্ষেতমজুরের মজুরি বৃদ্ধি আন্দোলন এবং কৃষক আন্দোলন শুরু করি। বাজার গড়ার প্রস্তাবটি আমার কাছে ভীষণ গুরুত্ব পেয়েছিল গণসংযোগ রক্ষার জন্য। যাঁরা এই বাজারটি গড়ে তোলার জন্য পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকেই প্রয়াত হয়েছেন। দুজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাজার কমিটিতে স্থান পায়। একজন হলেন প্রয়াত পরেশ চন্দ্র পাঁজা। অন্যজন আমি অমৃত মাইতি। এখন প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একমাত্র আমি ৮৩ বছর বয়সেও বেঁচে আছি। দীর্ঘদিন আমি বাজারে সভাপতি ছিলাম। পঞ্চাশ বছর পূর্তির সময় আমি সভাপতির পদ ত্যাগ করি।
হিজলি টাইটেল ক্যানেল সম্পর্কে সংক্ষেপে কিছু বলি। ঐতিহাসিক হিজলী টাইডাল ক্যানেল (Hijli Tidal Canal) খননের কাজ শুরু হয়েছিল ১৮৬৮ সালে। পরবর্তীতে ১৮৭১-৭২ সালে এই ক্যানেলটি দিয়ে নৌ-যাতায়াত ও সেচ কাজ চালু করা হয়।
ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ভারতের অবিভক্ত মেদিনীপুর জেলায় (বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে) বাণিজ্য ও নৌ-পরিবহন ব্যবস্থার উন্নতির উদ্দেশ্যে এই ঐতিহাসিক ক্যানেলটি খনন করা হয়েছিল।
এখন শিবরামপুর বাজার মানুষের মধ্যে খুব সাড়া ফেলেছে। বাজারে সাংস্কৃতিক কর্মকান্ড, মানুষের চেতনা বিকাশে আমরা যথাসাধ্য করেছি। সাহিত্য সংস্কৃতিতে আমি এবং আমার মত কিছু যুবক একটু এগিয়ে থাকা সচেতন মানুষ। তাই বাজারকে কেন্দ্র করে সাংস্কৃতি চেতনা বিকাশের একটা আন্তরিক প্রচেষ্টা আমাদের মধ্যে ছিল। জীবনানন্দ উৎসব ও মেলা একটি দুর্গম অঞ্চলে ২০০০ সালে খুবই দুঃসাধ্য কাজ ছিল। পরপর তিন বছর মেলা এবং নানান উৎসব এখানে করা সম্ভব হয়েছিল। চেষ্টা করেছি চেতনা বিস্তারের। জীবনানন্দ উৎসবের আমি সভাপতি। কলকাতার স্থিত বঙ্গলাদেশ উপ দূতাবাসের প্রধান কর্মকর্তা এবং অন্যান্যরা এই মেলায় এসেছিলেন ২০০৩ সালে। এই মেলা কে কেন্দ্র করে ভারত বাংলাদেশের নামকরা সাহিত্যিকরা এসেছিলেন, এসেছিলেন পশ্চিম সরকারের কয়েকজন মন্ত্রী। এলাকার গুরুত্ব সাধারণ মানুষের মধ্যে যাতে বাড়ে এবং আমরাও বিকশিত হতে পারি তার জন্য চেষ্টার কম ত্রুটি ছিল না। এখানে ভাষা দিবস উদযাপন খুবই সমারোহে করা হয়েছে। দেশ-বিদেশের বহু মানুষ এখানে উপস্থিত হয়েছিল এই বাজারের উপর যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়ে থাকে তার টানে। সাহিত্য সংস্কৃতি এবং শিল্পজগতের বহু মানুষের উপস্থিতি এই বাজারের সুনামকে অনেক গুণে বাড়াতে সক্ষম হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষজনের উপস্থিতির কারণে শিবরামপুর গ্রামের নামটি বিকশিত হয়। আমার সৌভাগ্য হল এই সুযোগে আমার নামটিও গ্রামের সঙ্গে নিবিড় ভাবে যুক্ত হয়ে গেল। বহু বিদেশীরা আমাদের গ্রামের নাম জানে, যেহেতু আমি বিভিন্ন জায়গায় সাহিত্য সংস্কৃতির কারণে ঘুরে বেড়াই। শিবরামপুর গ্রামটি স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে এবং পরবর্তীকালে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে থাকবে। সময় এবং স্রোত যদি আমাদের পরবর্তী প্রজন্ম ধরতে পারে তাহলে জায়গার গুরুত্ব উল্লেখযোগ্য হবে। হিলি টাইটেল ক্যানেলের উপর একটি কংক্রিটের সংযোগ সেতু নির্মাণ করে নিজেকে ধন্য মনে করেছি। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের প্রথম পাকা রাস্তাটি রিয়াপাড়া থেকে বরাচিরা স্কুল পর্যন্ত ৫ কিলোমিটার ২০০২ সালে নির্মাণ করতে পেরে জন্মঋণ শোধ করেছি। আমাদের গ্রামে কোন পোস্ট অফিস ছিল না। অনেক সাধ্য সাধনা করে পোস্ট অফিসটি করতে পেরেছিলাম। সেদিন নিজের গ্রাম ও গ্রামের পোস্ট অফিস এই পরিচয় মানুষের কাছে জানান দিতে পেরে সে কি ভয়ংকর আনন্দ। স্রোত আর সময়ের মূল্য যে বোঝেনা তার জীবন বৃথা। এইটুকু তো জীবন এর মধ্যে কত কিছু করা যায়। একেবারে প্রত্যন্ত গ্রামে জন্মেছি আমি কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে চর্চা করতে গিয়ে দেশি-বিদেশে পরিচিতি লাভ করেছি। আমি আমার গ্রামের মাটির কাছে ঋণী।
আমাদের শিবরামপুর গ্রামে রাজনীতির বিকাশ ও কম গুরুত্বপূর্ণ নয়। আমি আর এসপির কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলাম। আমাদের গ্রামের আরেক শ্রেষ্ঠ সন্তান
শ্রী শুভঙ্কর সরকার। নিজের চেষ্টাতে গ্রাম থেকে শহর জয় করেছে। শুভঙ্কর এখন জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি। আমিও গর্বিত। এই গ্রামের মাটি আমার মা। মায়ের আশীর্বাদ ছিল বলেই তমলুকের নিমতৌড়িতে আমার নামে একটি লাইব্রেরী তৈরি হয়েছে। আমাদের গ্রামের অনেকেই এখন বিদেশে পাড়ি দিচ্ছে । ডক্টরেট করছে। আমারই পাশের গ্রামে কবি ও লেখক শ্রী স্বপন কুমার প্রামাণিকের প্রাত্যহিকিতে নিয়মিত লেখা দেখে আমি চমৎকৃত হয়েছি। লড়াই সংগ্রাম মেধা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন সাহিত্য সংস্কৃতিতে আমাদের এই এলাকার গুরুত্ব অপরিসীম।
───
