অরুণ কুমার সাউ, মেচেদা:নারীর মর্যাদা ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার নিয়ে মেচেদায় অনুষ্ঠিত হলো ডা: নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নবম বার্ষিক 'বোন ফোঁটা' উৎসব। মঙ্গলবার ট্রাস্টের মেচেদাস্থ ভবনের সেমিনার হলে এই অভি…
অরুণ কুমার সাউ, মেচেদা:
নারীর মর্যাদা ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার নিয়ে মেচেদায় অনুষ্ঠিত হলো ডা: নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নবম বার্ষিক 'বোন ফোঁটা' উৎসব। মঙ্গলবার ট্রাস্টের মেচেদাস্থ ভবনের সেমিনার হলে এই অভিনব সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত পুরুষ সদস্যরা প্রায় ৭৫ জন মহিলাকর্মীকে দই-চন্দনের ফোঁটা দিয়ে তাঁদের সম্মান জানান এবং সমাজে তাঁদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষার সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেন। সমাজের চিরাচরিত প্রথার বাইরে এই ব্যতিক্রমী আয়োজন উপস্থিত সকলের নজর কাড়ে।অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু গুণীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সমাজসেবী সৌমেন বসু। এছাড়া অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আবহাওয়াবিদ অশোক হাজরা, সাহিত্যিক শচীন মান্না, শিশুরোগ বিশেষজ্ঞ ডা: ভবানী শঙ্কর দাস ও ডা: নেপাল মহাপাত্র, ডা: নাসরিন আলী, ডা: বিশ্বজিৎ মান্না এবং ডা: সৌমিত্র দেব মাইতি প্রমুখ। পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ডা: বিশ্বনাথ পড়িয়া।
বক্তব্যের শুরুতেই বিশিষ্টজনেরা এই 'বোন ফোঁটা' উৎসবের অনন্য সামাজিক গুরুত্বের ভূয়সী প্রশংসা করেন। তবে একই সঙ্গে বর্তমান সমাজের এক অন্ধকার চিত্র উঠে আসে তাঁদের বক্তব্যে। রাস্তাঘাটে, বাসে, ট্রামে বা ট্রেনে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ, খুন ও গণধর্ষণের মতো জঘন্য ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
তাঁরা স্পষ্ট ভাষায় জানান, নারীদের সুরক্ষার দায়িত্ব কেবল মহিলাদের একার নয়, এর বিরুদ্ধে পুরুষ সমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে এবং এগিয়ে আসতে হবে।


