#প্রতিদিনের_প্রতিযোগিতা
#বিভাগ_কবিতা
#শিরোনাম
#ভালোবাসা_আর_ভাতের_গন্ধ
#কলমে_বীরেন_আচার্য্য
#২৯শে_মে_২০২০
ভালোবাসা আর ভাতের গন্ধ
----------------------------------------
এক মুঠো ভালোবাসা আর এক মুঠো ভাত ,
কোনটা বেশি জরুরী গণতান্ত্…
#প্রতিদিনের_প্রতিযোগিতা
#বিভাগ_কবিতা
#শিরোনাম
#ভালোবাসা_আর_ভাতের_গন্ধ
#কলমে_বীরেন_আচার্য্য
#২৯শে_মে_২০২০
ভালোবাসা আর ভাতের গন্ধ
----------------------------------------
এক মুঠো ভালোবাসা আর এক মুঠো ভাত ,
কোনটা বেশি জরুরী গণতান্ত্রিক দেশে ;
এক মুঠো ভাতের জন্যই ওরা পরিযায়ী -
মুঠো ভরা ভালোবাসার জন্যই উৎকন্ঠার চোখ
ফেরার অপেক্ষায় প্রহর গোনে পরিজন ।
এক মুঠো ভাত আর এক মুঠো ভালোবাসা ,
একমুঠো ভাতের জন্যই বাতাসী শরীর বেচে -
ছেলেটার মুখে তুলে দিতে ক্ষুধার অন্ন;
মুঠো ভর্তি ভালোবাসা তো রেখেছিল তুলে
সযতনে মনের ছোট্ট কুলুঙ্গিতে নিভৃতে ।
মিনসেটা এলো কই দাবীদার হয়ে ?
এক মুঠো ভালোবাসা আর এক মুঠো ভাত ,
গণতান্ত্রিক এ দেশে দুটোরই যে বড় আকাল ;
চরণ চরণ ছুঁয়ে কেঁদেছিল চরণে ঠাঁইয়ের -
দেয় নি সৎমা,বাপটার ভালোবাসাও বন্ধকীতে ।
বাসস্ট্যান্ডের ছোট্ট মেয়েটা বলেছিল ফুল হাতে -
" বাবু ! ও বাবু ! নে না এক গোছা লাল গোলাপ ;
ফুলদানিতে রাখবি - পাবি ভালোবাসার গন্ধ -
মাত্র দশ টাকা ! আমি পাবো ভাতের গন্ধ ।
এক মুঠো ভালোবাসা আর এক মুঠো ভাত -
মাল্টিকালার দেশপ্রেমে হারিয়ে ফেলি সব বুদ্ধি ;
পাই না ভেবে এ গণতান্ত্রিক বিশ্বায়নে -
এ দেশে ভালোবাসাও বিক্রি হয় ভালোবাসার জন্য
তবু অনাহারী নাক পায় না ভাতের গন্ধ ।
------------------×---------------
