Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

#আমি_ও_দীপশিখা
#অরিন্দম_ভট্টাচার্য্য

                       সবাই বলে বটে, অন্যের আনন্দে আনন্দিত হ‌ও, অন্যের দুঃখে দুঃখী। কিন্তু এটা আমার কাছে চিরটাকাল একটা 'কথার কথা' হয়ে এসেছে। নিজের আনন্দ, নিজের দুঃখ -- এগুলোকেই কি কো…


#আমি_ও_দীপশিখা
#অরিন্দম_ভট্টাচার্য্য

                       সবাই বলে বটে, অন্যের আনন্দে আনন্দিত হ‌ও, অন্যের দুঃখে দুঃখী। কিন্তু এটা আমার কাছে চিরটাকাল একটা 'কথার কথা' হয়ে এসেছে। নিজের আনন্দ, নিজের দুঃখ -- এগুলোকেই কি কোনোদিন ঠিক করে বুঝতে পেরেছি? পারিনি। অন্যের বেলাতেও তাই মনে হয়, প্রতিনিয়ত সবাই যেন আনন্দ, দুঃখের অভিনয় করে চলেছে। প্রকৃত আনন্দটা কেমন, কিংবা প্রকৃত দুঃখটাই বা কেমন -- এগুলো অনেকেই জানে না। অনুভূতিগুলোর প্রকৃত স্বরূপ হয়তো বেশীরভাগ মানুষের ক্ষেত্রেই অধরা।

আমি ব্রাহ্মণ সন্তান, বাড়িতে থাকলে সন্ধ্যা আহ্নিকটা প্রতিদিন‌ই করি। তাই ধূপ, ধূনা, প্রদীপ এগুলোর সাথে আমার সম্পর্ক অনেক গভীর এবং বহুদিনেরও। আজ সন্ধ্যায় গভীর মনোযোগের সঙ্গে আহ্নিকটা করছিলাম। সাধারণতঃ প্রতিদিন ওটাকে অন্যান্য কাজের মতোই একটা কাজ ভেবে করি, কিন্তু গতকাল কেন জানি না! ওটা করতে করতে একসময় ভেতরে ভেতরে খুব আনন্দ অনুভব করলাম।

আনন্দটা কিসের? তার উৎসটাই বা কি? কিছুই বুঝতে পারলাম না। কিন্তু আনন্দ যে হচ্ছে এটা পরিষ্কার বুঝতে পারছি। মুখে দিয়ে গান বেরিয়ে এলো, মন, প্রাণ, শরীর সব কিছু যেন আরতি করার ভঙ্গিতে দুলতে থাকলো।

আমি অবাক। বিস্মিত! সবকিছুই যেন আপনা-আপনি হয়ে যাচ্ছে। আমার চাওয়া বা না-চাওয়ার ওপর কিছুই নির্ভর করছে না। তবুও অনুসন্ধিৎসু মন কারণ খুঁজে বেড়ায়। এদিক ওদিক তাকাতে থাকলাম। দেখতে দেখতে অনুভব করলাম -- পাশাপাশি যা কিছু রয়েছে, মানে ধূপ, ধূনা, প্রদীপ এইসবের কথা বলছি, সবার ভেতরেই একটা অদ্ভুত শিহরন, সবার‌ই আনন্দ হচ্ছে। আমার গানের তালে তালে আমার মতো প্রদীপের শিখাটাও দুলছে, দুলছে ধূপের লম্বা ধোঁয়া, দুলছে ধূনার ধোঁয়ার কুন্ডলী।

আশ্চর্য! ওদের সঙ্গে আমার এতোদিনের সম্পর্ক, অথচ ওদের ভেতরের এই আনন্দময়ভাব তো কোনোদিনই চোখে পড়েনি আমার! কিন্তু ওরা তো এই একইভাবেই নৃত্য করে চলেছে রোজ, অনন্তকাল ধরে!

আজ অনুভব করলাম, অন্যের অন্তরের কোনো অনুভূতিকে অনুভব করতে গেলে, আগে নিজের অন্তরে সেই ধরনের অনুভূতি তৈরি হতে হয়।  যতক্ষণ পর্যন্ত সেটা তৈরী না হয়, ততক্ষণ অন্যের অনুভূতি অধরাই থেকে যায়। তাতে তা যতোই প্রকটভাবে প্রকাশিত হোক না কেন।
ভালবাসার ক্ষেত্রেও হয়তো এমনটাই হয়ে থাকে। নিজের ভেতর ভালবাসা তৈরী না হলে, কেউ কোনোদিন অন্যের ভালবাসাকে স্পর্শ করাতো দূরের কথা, তার অস্তিত্বকেই অনুভব করতে পারে না।

প্রদীপ জ্বললে, তবে না তার শিখা! তবে না তার আনন্দে মাথা দোলানো! সত্যি‌ই! আমি একটু সময়ের জন্য‌ও বুঝতে পারিনি, এতোদিন আমি সম্পূর্ণরূপে অন্ধকারেই নিমজ্জিত ছিলাম। আমার মনপ্রদীপ‌টাই প্রজ্জ্বলিত হয়নি এতকাল। আনন্দ আসবে কোথা থেকে! তাই অন্যের আনন্দে আনন্দিত হ‌ওয়াতো দূর অস্ত, তাকে অনুভব করার মতোই ক্ষমতা তৈরি হয়নি এতোদিন।