Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা
পর্ব ০৯
বিষয়- পরিবার
গল্প - মরা হাতি
কলমে- শ‍্যামাপ্রসাদ সরকার

মরা হাতি
----------------

দুঘন্টা হল টের পেলাম মরে গেছি। প্রথমটায় বুঝতে পারিনি। হাত,পা,মাথা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। পরে বুঝলাম ওগুলোর কোনোটাই …


সাপ্তাহিক প্রতিযোগিতা
পর্ব ০৯
বিষয়- পরিবার
গল্প - মরা হাতি
কলমে- শ‍্যামাপ্রসাদ সরকার

মরা হাতি
----------------

দুঘন্টা হল টের পেলাম মরে গেছি। প্রথমটায় বুঝতে পারিনি। হাত,পা,মাথা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। পরে বুঝলাম ওগুলোর কোনোটাই আর সঙ্গে নেই। হাওয়ার মধ্যে রইলেও একটা আবছা প্রাচীরমত ঘিরে আছে !

নীচে তাকালাম। শান্তিনীড় বৃদ্ধাশ্রমের ১৩নং ঘরের শ্রীযুক্ত রজতকমল রায় বিছানায় নিপাট সোজা চোখ বুঝে শুয়ে আছে। এরকম ভাবে শবাসন ইস্কুলে পিটি ক্লাসে অনেক করেছি। তবে এবারেরটা খাঁটি একদম। বাহাত্তর বছরের শরীরটাকে দেখে মায়া হল। বড্ড বুড়োটে মেরে গেছ হে! এখন বলতে পারি বেশ তরতাজা লাগছে। পরনারী জীবনে আসেনি বিশেষ, স্রেফ করোনারিটাই এসেছে, থেকেছে, ওষুধ খেয়েছে শেষে আমাকে খাঁচা থেকে মুক্তও করেছে। এ নারী অবশ‍্য বাঁধন ছেঁড়ায়  উস্কায় বুড়োদের!

বাকী আবাসিকরা কেউ কাঁদছে। সরমাদেবী বিখ্যাত অভিনেত্রী একসময়ের তিনিও কোলন মাখা রুমালে দুবার চোখ মুছলেন। নরহরি সামন্ত আবার ডাক্তার ডেকে আনল। মোটামুটি ধরাধামে আমার জীর্ণ শরীরটা থাকার মেয়াদ ফোরাচ্ছে এবার। কান্ত সরকার ফোন করলো বাবিন কে। আমার সুপুত্র, আই আই টি ইঞ্জিনিয়ার, সল্টলেকে থাকে। আমার সারাজীবনের সঞ্চয় দিয়ে ছেলেকে আই আইটি ইঞ্জিনিয়ার বানিয়েছি, বুক ঠুকে বলতাম সক্কলকে। ওর মা তো মাধ্যমিকের পরই পরপারে। মনে পড়লো ! এখন কোথায় থাকে খোঁজ নিয়ে দেখতে হবে তো। দারুণ শুক্তো আর সর্ষে ইলিশ বানাত গো! সড়াৎ করে জিভ টানতাম জিভটা থাকলে !

বাবিন ওরফে আলিম্পন এল। দুদুটো জরুরী মিটিং থেকে বেরিয়ে আসাটা খুব ঝক্কির। একটু পাক ধরেছে বেটার চুলে, হাল্কা ডবল চিন আর চোখের কোলে অ্যালকোহলের ব্যাগ জমছে। খেয়াল রাখ্ রে অপদার্থ ! সবে চল্লিশ এখনো কম করে তিরিশ বছর ব্যাটিং করা বাকী। ওর মেয়ে তিতিরটাকে মিস করি, আমার আদরের 'ছোটগিন্নী' !

সইসাবুদ সেরে একটা কাঁচের গাড়ীতে রজতকমলকে শোয়ানো হল। কিছু ফুলমালা এল ! সুভাষ মুখুজ্জে লিখেছিলেন না 'ফুল গুলো সব সরিয়ে নাও! আমার লাগছে আমার লাগছে! '
ওরে বাপ রজত! একটু সবুর কর ! প্রাণটাই যখন সরে গেছে তখন আর ফুলের মালা। সেকাল হলে পড়নের কাপড়টাও খুলে নিত !

ইলেকট্রিক চুল্লীটা বেশ ইন্টারেস্টিং। ঘরঘর করে হাতল টেনে ঢুকিয়ে দাও! ব্যস তন্দুরের কুম্ভীপাকে একঘন্টা। ব্যস ছুটি তারপর !

বাবিনের জোনাল হেড এসেছে বাড়িতে শোক জানাতে। এবছর ওর প্রমোশনের বছর। বসের সাথে দূরত্বটা বোধহয় গলল আমার মরাতে। যাক্ একটা  উপকার হল অন্ততঃ।

তবে ছেলে আমার বেইমান নয়। সোনার জল করা ফ্রেমে একটা এত্তবড় ছবি বাঁধিয়েছে আমার যুবাবয়সের (যখন টুকটাক পরনারী রা উসখুস করতো)।

আরে বাবা ! বৃদ্ধাশ্রমে মরার পরও তো ছেলের ড্রয়িং রুমে জায়গা তো জুটল অবশেষে !

মরা হাতির প্রবাদ থোড়ি মিথ্যে হয় !
******