Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বচ্ছতা আনতে নজিরবিহীন পদক্ষেপ পূর্ব মেদিনীপুরে, এবার চেকিংয়ের সময় পরিবহন কর্মীদের বুকে ‘বডি ক্যামেরা’

কাজল মাইতি ,দেশমানুষ : পথ নিরাপত্তা নিশ্চিত করতে এবং নজরদারিতে স্বচ্ছতা আনতে রাজ্যে প্রথমবার বিশেষ পদক্ষেপ করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এখন থেকে জেলায় গাড়ি পরীক্ষার সময় জেলা পরিবহন দপ্তরের আধিকারিক ও কর্মীদের জন্য ‘বডি ক্যাম…

কাজল মাইতি ,দেশমানুষ : পথ নিরাপত্তা নিশ্চিত করতে এবং নজরদারিতে স্বচ্ছতা আনতে রাজ্যে প্রথমবার বিশেষ পদক্ষেপ করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এখন থেকে জেলায় গাড়ি পরীক্ষার সময় জেলা পরিবহন দপ্তরের আধিকারিক ও কর্মীদের জন্য ‘বডি ক্যামেরা’ পরা বাধ্যতামূলক করা হলো। প্রশাসনের আশা, এই প্রযুক্তির ব্যবহারে একদিকে যেমন কর্তব্যরত আধিকারিকদের কাজে স্বচ্ছতা আসবে, তেমনই চালক ও মালিকপক্ষের তোলা অহেতুক হেনস্থার অভিযোগও কমবে।

​জাতীয় ও রাজ্য সড়ক মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্ব অপরিসীম। দিঘা, মন্দারমণি বা হলদিয়ার মতো এলাকায় পর্যটক ও পণ্যবাহী গাড়ির চাপ থাকে বারো মাস। ইদানীং দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় জেলা জুড়ে কড়াকড়ি শুরু করেছে পরিবহন দপ্তর। কিন্তু চেকিংয়ের সময় প্রায়শই গাড়ির চালক বা মালিকদের সঙ্গে আধিকারিকদের বচসায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। অনেক ক্ষেত্রে চালকদের দাবি, সব কাগজ ঠিক থাকলেও অন্যায্য জরিমানা করা হচ্ছে। অন্যদিকে, নিয়মভঙ্গকারী চালকদের বিরুদ্ধে অভব্য আচরণের পাল্টা অভিযোগ আনে প্রশাসন।

​এই চাপানউতোর কাটাতেই এবার প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। মঙ্গলবার হলদিয়া-মেছেদা জাতীয় সড়কের নিমতৌড়ি এলাকায় এই নতুন ব্যবস্থার মহড়া দেখা গেল। দেখা যায়, চেকিংয়ের দায়িত্বে থাকা আধিকারিকদের পোশাকে লাগানো রয়েছে ছোট বডি ক্যামেরা। এই ক্যামেরায় পুরো তল্লাশি অভিযান এবং কথোপকথনের অডিও-ভিজ্যুয়াল রেকর্ড থাকবে।

​আঞ্চলিক পরিবহন আধিকারিক সঞ্জয় হালদার বলেন, “সম্ভবত পশ্চিমবঙ্গে এই জেলাতেই প্রথম পরিবহন দপ্তরের আধিকারিকদের জন্য বডি ক্যামেরা বাধ্যতামূলক করা হলো। এর ফলে বিতর্ক এড়ানো যাবে এবং আমরা অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারব।”

​প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাস চালকদের একাংশও। সর্বানন্দ প্রধান নামে এক বাস চালকের কথায়, “অনেক সময় মিছিমিছি আমাদের হেনস্থা করা হয়। আবার অনেক চালকও ভুল করেন। ক্যামেরা থাকলে কে ঠিক আর কে ভুল, তা নিয়ে আর তর্কের অবকাশ থাকবে না।”

​মাসখানেক আগেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ট্রাফিক কর্মীদের জন্য বডি ক্যামেরা চালু করেছিল। এবার সেই পথেই হাঁটল জেলা পরিবহন দপ্তরও। স্বচ্ছতা বজায় রাখতে এই ‘পূর্ব মেদিনীপুর মডেল’ আগামী দিনে রাজ্যের অন্য জেলাতেও কার্যকর হয় কি না, এখন সেটাই দেখার।