কাজল মাইতি , দেশ মানুষ :আনন্দপুর অগ্নিকাণ্ডের ক্ষত এখনও টাটকা। ভয়াবহ সেই বিপর্যয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ২১ জন বাসিন্দা। শোকাতুর সেই পরিবারগুলির পাশে দাঁড়াতে আগেই সাহায্যের হাত বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ…
কাজল মাইতি , দেশ মানুষ :
আনন্দপুর অগ্নিকাণ্ডের ক্ষত এখনও টাটকা। ভয়াবহ সেই বিপর্যয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ২১ জন বাসিন্দা। শোকাতুর সেই পরিবারগুলির পাশে দাঁড়াতে আগেই সাহায্যের হাত বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই প্রতিশ্রুতি পালন করল জেলা প্রশাসন। পাঁশকুড়া, তমলুক, ময়না, নন্দকুমার এবং সুতাহাটা থানা এলাকার নিখোঁজ ব্যক্তিদের পরিজনদের হাতে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ
প্রশাসন সূত্রে খবর, অগ্নিকাণ্ডে নিখোঁজ ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে বর্তমানে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। শনাক্তকরণ পর্ব মিটে গেলে রাজ্য সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এ দিন নিকটবর্তী থানাগুলিতে পুলিশ আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই চেক বিলি কর্মসূচি সম্পন্ন হয়।
পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজিত কুমার রায় বলেন, "মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক। তিনি কথা দিয়েছিলেন দুর্গতদের পাশে থাকবেন। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। পরিবারগুলি যাতে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই এই সাহায্য।"
অন্যদিকে, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানান, সরকারি নির্দেশিকা মেনে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও যোগ করেন, "নিখোঁজদের পরিবারের একজনকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের যে ঘোষণা সরকার করেছে, সেই প্রক্রিয়াও আমরা শুরু করে দিয়েছি।"
আকস্মিক এই বিপদে দিশেহারা হয়ে পড়েছিলেন অনেকেই। নিখোঁজ গুরুপদ সাউয়ের স্ত্রী স্বপ্না সাউ বলেন, "পরিবারে উপার্জনের আর কেউ নেই। এই টাকাটুকু না পেলে আমাদের পথে বসতে হতো। সরকারের এই সাহায্য বড় অবলম্বন হয়ে দাঁড়ালো।"
এ দিন তমলুক থানায় চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক থানার আই সি সুমন বগি,পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায়,
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মামনি জানা সহ অন্যান্যরা।
বিপর্যয়ের মেঘ এখনও পুরোপুরি কাটেনি, তবে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে লড়াই করার নতুন অক্সিজেন জোগাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।