Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফলাফল ঘোষণার আগেই রঙের প্রস্তুতি, তমলুকে আবির কারখানায় এখন তুঙ্গে ব্যস্ততা

ঘড়ির কাঁটা বলছে চার তারিখ আসতে এখনও কয়েক দিন বাকি। কিন্তু  পূর্ব মেদিনীপুরের আকাশে কোন রঙ উড়বে, তার আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে তমলুকের উত্তরচড়া শংকর আড়া এলাকার আবির কারখানাগুল…


ঘড়ির কাঁটা বলছে চার তারিখ আসতে এখনও কয়েক দিন বাকি। কিন্তু  পূর্ব মেদিনীপুরের আকাশে কোন রঙ উড়বে, তার আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে তমলুকের উত্তরচড়া শংকর আড়া এলাকার আবির কারখানাগুলোতে এখন নাওয়া-খাওয়া ভুলে ব্যস্ত কারিগররা। হারের গ্লানি নাকি জয়ের উল্লাস— শেষ হাসি কে হাসবেন তা বলবে ইভিএম, কিন্তু কারখানার মালিকরা কোনও খামতি রাখতে চাইছেন না আগাম প্রস্তুতিতে।

​প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে গত ২৩ এপ্রিল। বিচ্ছিন্ন কিছু গোলমাল বাদ দিলে জেলায় ভোটের হার ছিল ৯০ শতাংশের বেশি। হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য এখন বন্দি স্ট্রং রুমে। গতবার ১৬টির মধ্যে ৯টি আসন তৃণমূলের দখলে থাকলেও ৭টি পেয়েছিল বিজেপি। তবে দলবদল আর রাজনৈতিক সমীকরণের জেরে এবারের লড়াই আরও হাড্ডাহাড্ডি। আর সেই লড়াইয়ের উত্তাপ গিয়ে পৌঁছেছে আবির কারখানার কড়াইয়ে।

​অনিশ্চয়তা বনাম নীল-সাদা-গেরুয়া লড়াই

​বাজারে কোন রঙের চাহিদা বেশি হবে, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে চরম অনিশ্চয়তা। তবে সেই ঝুঁকি নিয়েই চলছে উৎপাদন। তমলুকের এক আবির কারখানার মালিক সাধন চন্দ্র গুড়িয়া জানান:

​“ফলাফলের দিনই আসল বোঝা যায়। তবে ট্রেন্ড বুঝে আমি আপাতত সবুজ আবিরই বেশি তৈরি করছি। মনে হচ্ছে এবার সবুজেরই দাপট থাকবে।”

​অন্যদিকে, আধুনিক ভেষজ আবির কারখানার ম্যানেজার চন্দন কুমার বলেন, “দোলের সময় দশ রকম রঙ থাকলেও এখন আমরা শুধু সবুজ, গেরুয়া আর লাল— এই তিনটে রঙের ওপর জোর দিচ্ছি। কিছু অগ্রিম বায়না এসেছে, বাকিটা আমরা স্টক করে রাখছি যাতে চার তারিখ দুপুর গড়াতেই জোগান দিতে পারি।”

​রাজনৈতিক মহলে আবিরের ‘যুদ্ধ’

​আবির নিয়ে শুধু ব্যবসায়ীরা নন, তাল ঠুকছেন রাজনৈতিক নেতারাও। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় আত্মবিশ্বাসের সুরে বলেন, “চার তারিখ দুপুরের পর থেকেই জেলা সবুজ আবিরে ভরে যাবে। আমাদের কর্মীরা ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে অর্ডার দিয়ে রেখেছেন। জয়ের ব্যাপারে আমরা ১০০ শতাংশ নিশ্চিত।”


​পাল্টা হুঙ্কার দিয়েছে পদ্ম শিবিরও। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, এবারের ফলাফল হবে চমকপ্রদ। তাঁদের বক্তব্য, আসন সংখ্যা শুধু বাড়বে না, ভোট গণনার শেষে মেদিনীপুরের আকাশ গেরুয়া আবিরেই রাঙিয়ে দেবেন কর্মী-সমর্থকরা।

​এক নজরে জেলার রাজনৈতিক প্রেক্ষাপট

মোট আসন ১৬টি

ভোটের হার ৯০% এর বেশি

২০২১ এর ফলাফল তৃণমূল (৯), বিজেপি (৭)

গণনা কেন্দ্র ৪টি প্রধান কেন্দ্র।

এখন নজর শুধু চার তারিখের দিকে। তমলুকের কারখানায় তৈরি হওয়া স্তূপাকার আবিরের পাহাড় শেষ পর্যন্ত কার বিজয় মিছিলে উড়বে, সেটাই দেখার। দিনশেষে রাজনীতির রঙ যাই হোক, এই মরশুমে লক্ষ্মীলাভের আশায় প্রহর গুনছেন তমলুকের আবির শিল্পীরা।

কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ