অরুণ কুমার সাউ,হলদিয়া:*: যথাযোগ্য মর্যাদায় হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (HPL) প্রাঙ্গণে সমাপ্ত হলো জাতীয় অগ্নি সুরক্ষা সপ্তাহ। গত এক সপ্তাহ ধরে চলা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পর, শেষ দিনে এক নাট্যানুষ্ঠান আয়োজন করা হয় কারখ…
অরুণ কুমার সাউ,হলদিয়া:*: যথাযোগ্য মর্যাদায় হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (HPL) প্রাঙ্গণে সমাপ্ত হলো জাতীয় অগ্নি সুরক্ষা সপ্তাহ। গত এক সপ্তাহ ধরে চলা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পর, শেষ দিনে এক নাট্যানুষ্ঠান আয়োজন করা হয় কারখানা চত্বরে।অগ্নি সুরক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশেষ ফায়ারড্রিল বা অগ্নি নির্বাপণ মহড়া, যেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জরুরি অবস্থায় জীবন রক্ষার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন সংস্থার কর্মীরা। সচেতনতামূলক নাটক ‘অগ্নিসুরক্ষা’।
এদিনের অনুষ্ঠানের অন্যতম প্রধান বিশেষত্ব ছিল হলদিয়ার বিশিষ্ট নাট্যদল ‘সংশপ্তক হলদিয়া’ পরিবেশিত নাটক ‘অগ্নিসুরক্ষা’। নবীন নাট্যকার ও নির্দেশক অদ্রিজিৎ নন্দের সুদক্ষ পরিচালনায় নাটকটি উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।নাটকটির কারিগরি ও শৈল্পিক বিভাগে ছিলেন- সঙ্গীত পরিচালনায় সোমা পণ্ডা নন্দ, আবহ সঙ্গীতে প্রশান্ত সামন্ত ,নৃত্য পরিকল্পনায় ত্রিয়াশা জানা ও তান্নিষ্ঠা রাই গড়গড়ি। নাটকটিতে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে হাসপাতাল, বিদ্যালয় এবং শিল্প কারখানার মতো গুরুত্বপূর্ণ স্থানে কীভাবে অগ্নিকাণ্ড রোধ করা যায় এবং বিপদকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের ভূমিকা কী হওয়া উচিত।
সংশপ্তক হলদিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, শিল্পনগরীর মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আগামী দিনেও তারা এই ধরনের সামাজিক ও শিক্ষামূলক নাটক পরিবেশন করে যাবেন। শিল্প ও সংস্কৃতির এই মেলবন্ধন হলদিয়ার সাধারণ মানুষের মধ্যে অগ্নিনির্বাপণ বিধি সম্পর্কে বিশেষ উৎসাহ তৈরি করেছে।


