Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরে ভোট ময়দানে ১৩৬ প্রার্থী, চূড়ান্ত হল তালিকা

অরুণ কুমার সাউ, তমলুক :  ভোট ময়দানে রাজ্যের হাইভোল্টেজ জেলা পূর্ব মেদিনীপুর। আগামী ২৩শে এপ্রিল জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার নির্বাচন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হতেই জেলা নির্বা…


অরুণ কুমার সাউ, তমলুক :  ভোট ময়দানে রাজ্যের হাইভোল্টেজ জেলা পূর্ব মেদিনীপুর। আগামী ২৩শে এপ্রিল জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার নির্বাচন।

 বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হতেই জেলা নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, স্ক্রুটিনি এবং নাম প্রত্যাহারের পর জেলার ১৬টি আসনে মোট ১৩৬ জন প্রার্থী লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন।নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ১৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ৬ই এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর ৭ই এপ্রিল স্ক্রুটিনি বা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়। 

এই পর্যায়ে রামনগরের জাতীয় কংগ্রেস প্রার্থীর মনোনয়ন-সহ মোট পাঁচটি মনোনয়নপত্র নানা ত্রুটির কারণে বাতিল হয়ে যায়। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১৩৬-এ।কমিশনের নিয়ম অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্রের সাথে একটি বিস্তারিত হলফনামা জমা দিতে হয়েছে। যেখানে প্রার্থীদের বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ আছে কি না, কোনো ফৌজদারি মামলা বিচারাধীন আছে কি না কিংবা কোনো সাজা ঘোষণা হয়েছে কি না—তার স্পষ্ট উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে। জনসমক্ষে প্রার্থীদের ভাবমূর্তি পরিষ্কার রাখতেই এই কড়া পদক্ষেপ কমিশনের। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার হতেই বিকেলে প্রার্থীদের মধ্যে প্রতীক বিলি করা হয়। 

এক্ষেত্রে তমলুক বিধানসভা কেন্দ্রে এক চমকপ্রদ ঘটনা লক্ষ্য করা গিয়েছে। সেখানে বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরার সমনামী এক নির্দল প্রার্থী, হরে কৃষ্ণ বেরা, প্রতীক হিসেবে পেয়েছেন ‘বাক্স’ চিহ্ন। স্বীকৃত রাজনৈতিক দলগুলো আগে থেকেই তাদের সংরক্ষিত নিজস্ব প্রতীক পেয়েছে।নথিভুক্ত কিন্তু অ-স্বীকৃত দল এবং নির্দল প্রার্থীদের ক্ষেত্রে তাদের দেওয়া প্রস্তাবিত তালিকার ভিত্তিতে এবং কমিশনের নিয়ম মেনে এদিন প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

১৬টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন জেলায় প্রচারের পারদ আরও তুঙ্গে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল।