পূর্ব মেদিনীপুর জেলার মুকুটে নয়া পালক। সমাজসেবামূলক আন্তর্জাতিক উদ্যোগ ‘আর্ট অফ গিভিং’ এর বিশেষ জাতীয় পর্যায়ের কর্মসূচিতে নির্বাচিত হলেন তমলুকের তম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র সুমন আচার্য্য। পলিটিক্যাল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষ…
পূর্ব মেদিনীপুর জেলার মুকুটে নয়া পালক। সমাজসেবামূলক আন্তর্জাতিক উদ্যোগ ‘আর্ট অফ গিভিং’ এর বিশেষ জাতীয় পর্যায়ের কর্মসূচিতে নির্বাচিত হলেন তমলুকের তম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র সুমন আচার্য্য। পলিটিক্যাল সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্রের সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে।
আগামী ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত কিট বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় স্তরের বিশেষ কর্মসূচিটি অনুষ্ঠিত হতে চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা প্রতিভাবান তরুণ-তরুণীদের নিয়ে আয়োজিত এই শিবিরে জেলা তথা রাজ্যের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন সুমন।
কী এই উদ্যোগ?
আন্তর্জাতিক স্তরে ‘আর্ট অফ গিভিং’ মূলত সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার কাজ করে। এ বছরের কর্মসূচির মূল ভাবনা ‘Share to Shine’। এর মূল লক্ষ্য হলো— তরুণ প্রজন্মের হাত ধরে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনা এবং মানুষের প্রতি মানুষের মমত্ববোধ জাগিয়ে তোলা।
কেন সুমনকে নির্বাচন?
কলেজে পা রাখার পর থেকেই সুমন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং স্বেচ্ছাসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তাঁর নেতৃত্বগুণ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আগে থেকেই নজর কেড়েছিল স্থানীয় মহলে। তাঁর ধারাবাহিক এই পরিশ্রমেরই স্বীকৃতি এই জাতীয় স্তরের মনোনয়ন বলে মনে করছে শিক্ষকমণ্ডলী।
সুমন এই প্রসঙ্গে বলেন:
“জাতীয় স্তরে নিজের জেলা ও রাজ্যকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। এই কর্মসূচির মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে পাথেয় করে ভবিষ্যতে আরও বেশি করে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চাই।”
খুশির হাওয়া শিক্ষা মহলে
সুমনকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর কলেজ কর্তৃপক্ষও। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্চিতা মুখার্জি চক্রবর্তী বলেন, “সুমন আচার্যের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। ওঁর এই অর্জন কলেজের গরিমা বাড়িয়েছে। আমি চাই, আগামী দিনে ও আন্তর্জাতিক মঞ্চেও একইভাবে সাফল্যের স্বাক্ষর রাখুক এবং মানুষের জন্য কাজ করুক।”
শিক্ষক থেকে সহপাঠী— সকলেরই এক সুর, সুমনের এই জয়যাত্রা জেলার আরও বহু যুবক-যুবতীকে আগামী দিনে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।
কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ