Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তেরপেখ্যা ঘাট, উত্তাল হলদিতে ফিকে হচ্ছে জীবনের দাম, প্রশাসনের উদাসীনতায় ফি দিন বাড়ছে মৃত্যুর ঝুঁকি

তেরপেখ্যা ঘাট, উত্তাল হলদিতে ফিকে হচ্ছে জীবনের দাম, প্রশাসনের উদাসীনতায় ফি দিন বাড়ছে মৃত্যুর ঝুঁকি​ক্যালেন্ডারের পাতা ওল্টায়, সরকার আসে, সরকার যায়। কিন্তু বদলায় না হলদি নদীর তেরপেখ্যা ঘাটের চিত্রটা। একদিকে মহিষাদল আর অন্যদিকে নন্…


তেরপেখ্যা ঘাট, উত্তাল হলদিতে ফিকে হচ্ছে জীবনের দাম, প্রশাসনের উদাসীনতায় ফি দিন বাড়ছে মৃত্যুর ঝুঁকি

​ক্যালেন্ডারের পাতা ওল্টায়, সরকার আসে, সরকার যায়। কিন্তু বদলায় না হলদি নদীর তেরপেখ্যা ঘাটের চিত্রটা। একদিকে মহিষাদল আর অন্যদিকে নন্দীগ্রাম— দুই প্রান্তের সংযোগস্থল এই ফেরিঘাট আজও যেন প্রশাসনের খাতায় 'অবহেলিত জনপদ'। রূপোলি হলদির ঢেউয়ের বুকে প্রতিদিন সওয়ার হওয়া হাজার হাজার মানুষের চোখে একটাই প্রশ্ন— আর কতদিন এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে চলবে যাতায়াত?

​চড়ায় বিদ্ধ রূপোলি শয়তান

​দুই পাড়েই জমজমাট তেরপেখ্যা বাজার। অথচ মাঝে বয়ে চলা হলদি নদী এখানকার মানুষের কাছে যেন এক 'রূপোলি শয়তান'। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন নদী ড্রেজিং না হওয়ায় নাব্যতা হারিয়েছে হলদি। চড়া পড়ার কারণে এই রুটে বড় নৌকো বা উন্নত ভটভটি চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে অগভীর জলে ছোট ছোট মেশিন নৌকোই একমাত্র ভরসা। আর সেখানেই লুকিয়ে রয়েছে বিপদ।

​ঝুঁকির সফর, নেই নিরাপত্তা

​প্রতিদিন শয়ে শয়ে বাস যাত্রী, মোটরবাইক আর সাইকেল আরোহীরা এই ছোট নৌকোয় গাদাগাদি করে ওঠেন। ধারণক্ষমতার অতিরিক্ত ভার নিয়ে যখন উত্তাল নদীর বুকে নৌকো টলমল করে, তখন যাত্রীদের বুকে দুরুদুরু কাঁপন ধরা ছাড়া আর কোনো উপায় থাকে না। সামান্য একটু ভারসাম্য হারানো মানেই সলিল সমাধি। অথচ এই বিপদের হাত থেকে বাঁচতে প্রশাসনিক কোনো স্তরেই বিশেষ তৎপরতা চোখে পড়ে না। এলাকার এক নিত্যযাত্রীর আক্ষেপ, "আমাদের এখানে ব্রিজের স্বপ্ন তো বিলাসিতা, অন্তত যাতায়াতের নূন্যতম সুরক্ষাটুকু কি আমরা আশা করতে পারি না?"

​প্রশাসনের ঘুম ভাঙবে কবে?

​এলাকার মানুষের একটাই আক্ষেপ, বড় কোনো শিল্প বা আধুনিকতার ছোঁয়া এখানে পৌঁছায়নি। তাই হয়তো তেরপেখ্যা ঘাট আজও প্রশাসনের কাছে 'দুয়োরানী' হয়ে রয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, বড়সড় কোনো অঘটন বা প্রাণহানির পরই কি টনক নড়বে কর্তৃপক্ষের? নাকি কোনো এক জাদুকরী স্পর্শে দুর্ঘটনার আগেই নিরাপদ করা হবে এই গুরুত্বপূর্ণ জলপথকে?

​তেরপেখ্যা ঘাটের হাজারো মানুষের বুকফাটা আর্তনাদ এখন একটাই— আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে প্রশাসনের? জবাব মিলবে কি? উত্তর হাতড়াচ্ছে দুই পাড়ের মানুষ।

কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ