অরুণ কুমার সাউ, হলদিয়া : শিল্পনগরী হলদিয়ায় বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘সংশপ্তক হলদিয়া’ আয়োজিত তিন দিনব্যাপী 'হলদিয়া নাট্য উৎসব'। প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত সংগীত ও বৃক্ষে জলদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা …
অরুণ কুমার সাউ, হলদিয়া : শিল্পনগরী হলদিয়ায় বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘সংশপ্তক হলদিয়া’ আয়োজিত তিন দিনব্যাপী 'হলদিয়া নাট্য উৎসব'। প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত সংগীত ও বৃক্ষে জলদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন ডাঃ হৈমন্তী চট্টোপাধ্যায়, লাকিজি গুপ্তা, অম্বর ভৌমিক সহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে সংশপ্তকের মূল প্রাণপুরুষ যুগজিৎ নন্দকে 'জীবন কৃতি সম্মান'-এ ভূষিত করা হয়। প্রথম দিনের উদ্বোধনী সন্ধ্যায় পরিবেশিত হয় লাকিজি গুপ্তার একক হিন্দি নাটক ‘মা মুঝে টেগোর বানা দে’। এরপর জয়দীপ চক্রবর্তীর একক গান, বেদুইন পাতিহালের নাটক ‘তাড়কা’, ‘উদয়ন’ দলের সংগীত এবং তরুণ থিয়েটার মেদিনীপুরের নাটক ‘আত্মহত্যা মহাপাপ’ দর্শকদের মন জয় করে।দ্বিতীয় দিনের শুরুতে হলদিয়া, মহিষাদল ও সুতাহাটার আটটি বিশিষ্ট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় 'হলদিয়া আবৃত্তি উৎসব'। এরপর"মফস্বলে নাট্যচর্চার সমস্যা ও সমাধান" শীর্ষক একটি প্রাসঙ্গিক সেমিনার আয়োজিত হয়। সন্ধ্যায় মঞ্চস্থ হয় বিবর্ণ প্রেক্ষাপটের নাটক ‘আদাব’, থিয়েটার সাইন ডানকুনির হিন্দি থিয়েটার ‘দি পোস্টমাস্টার’ এবং তন্নিষ্ঠা ও ত্রিয়াশার যুগল নৃত্য। এই দিনের অন্যতম মূল আকর্ষণ ছিল আসামের ‘মূর্ছনা কলাকেন্দ্র’ পরিবেশিত অসমীয়া নাটক ‘অঙ্গার’।শেষ দিনে বিশিষ্ট পরিচালক জয়রাজ ভট্টাচার্য্যের উপস্থিতিতে উৎসবের আমেজ আরও জমজমাট হয়ে ওঠে।
রক ও ফোক ব্যান্ড ‘চরণ’-এর গানের পর মঞ্চস্থ হয় আয়োজক সংস্থা সংশপ্তক হলদিয়ার নিজস্ব নাটক ভগিনী সেনা।মেদিনীপুরের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের এই জীবন্ত দলিল দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। এরপর জাদুকর এস কুমারের জাদুপ্রদর্শন এবং সবশেষে চাকদহ নাট্যজনের হাসির নাটক রজত জয়ন্তী-র মাধ্যমে উৎসবের সফল সমাপ্তি ঘটে।শিল্প, সাহিত্য ও ইতিহাসের এই মেলবন্ধন হলদিয়ার সাংস্কৃতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।


