অরুণ কুমার সাউ, তমলুক: সারা বিশ্বের সাথে সংগতি রেখে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে যথাযথ মর্যাদায় পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস। প্রতি বছর ১৪ জুন চিকিৎসাবিজ্ঞানী ডাঃ কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ দিনটি পালন করা…
অরুণ কুমার সাউ, তমলুক: সারা বিশ্বের সাথে সংগতি রেখে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে যথাযথ মর্যাদায় পালিত হলো বিশ্ব রক্তদাতা দিবস। প্রতি বছর ১৪ জুন চিকিৎসাবিজ্ঞানী ডাঃ কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ দিনটি পালন করা হয়।এই বছর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাম্রলিপ্ত গভঃ মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাংকে একটি বিশেষ অনুষ্ঠান ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসেবে সক্রিয়ভাবে পাশে ছিল অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশান, কেয়ার অফ খেজুরী এবং মেসেঞ্জার ফাউন্ডেশান।
ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ইনচার্জ ডাঃ অনুপম জানা ডাঃ কার্ল ল্যান্ডস্টেইনারের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশীষ হালদার, সম্পাদক সন্দীপ চক্রবর্ত্তী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এই শিবিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।এই বিশেষ শিবিরে মোট ২৯ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সম্পাদক সন্দীপ চক্রবর্ত্তী শিবিরের সকল রক্তদাতাকে তাঁদের এই মানবিক প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে তিনি পৃথিবীর সমস্ত রক্তদাতার সুস্থ জীবন কামনা করেন। রক্তদান আন্দোলনকে প্রতিনিয়ত সফল করে তোলার জন্য কর্মরত সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।


