অরুণ কুমার সাউ, চণ্ডীপুর: এক ঝলমলে সকালে পথচলতি সাধারণ মানুষের চোখ আটকে গেল চণ্ডীপুরের মনিহার মোড় সংলগ্ন এলাকায়। সাধারণ কোনো জমায়েত নয়, পথচলতি মানুষকে সচেতনতার বার্তা দিতে এবং এক মহামানবের আদর্শকে স্মরণ করতে সেখানে হাজির হয়েছিল এ…
অরুণ কুমার সাউ, চণ্ডীপুর: এক ঝলমলে সকালে পথচলতি সাধারণ মানুষের চোখ আটকে গেল চণ্ডীপুরের মনিহার মোড় সংলগ্ন এলাকায়। সাধারণ কোনো জমায়েত নয়, পথচলতি মানুষকে সচেতনতার বার্তা দিতে এবং এক মহামানবের আদর্শকে স্মরণ করতে সেখানে হাজির হয়েছিল একঝাঁক পড়ুয়া।শিক্ষক-শিক্ষিকাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাণ্ডপসরা হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত হলো একটি আকর্ষণীয় পথনাটক ।আয়োজনটি করা হয়েছিল ভারতের ‘লৌহমানব’ তথা অখণ্ড ভারতের রূপকার সর্দার বল্লভভাই প্যাটেলজির ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে।
নতুন প্রজন্মের সামনে তাঁর মহান আদর্শকে তুলে ধরা এবং সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।ব্যস্ততম মনিহার মোড়ে শিক্ষার্থীদের এই সাবলীল ও প্রাণবন্ত অভিনয় দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। দেশাত্মবোধ এবং সামাজিক সংহতির এই বার্তা উপস্থিত দর্শকদের গভীরভাবে আলোড়িত করে। বর্তমান যুগে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের এই ধরণের সামাজিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই।বিদ্যালয়ের এই অভিনব ও প্রশংসনীয় উদ্যোগকে বিশেষভাবে সম্মান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে কাণ্ডপসরা হাই স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক সাধুবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে। প্রশাসনের কর্তাদের মতে— তরুণ প্রজন্মের হাত ধরেই আগামী দিনে একটি সচেতন, সুস্থ এবং সংহতিপূর্ণ সমাজ গড়ে উঠবে।


