Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘ কয়েক বছর পর ‘দিশা’ বৈঠক, উন্নয়নের রূপরেখা নিয়ে বৈঠক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে

দীর্ঘ কয়েক বছর পর ‘দিশা’ বৈঠক, উন্নয়নের রূপরেখা নিয়ে বৈঠক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হল জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি (দিশা)-র বৈঠক। বৈঠকে উপস্থি…

 


দীর্ঘ কয়েক বছর পর ‘দিশা’ বৈঠক, উন্নয়নের রূপরেখা নিয়ে বৈঠক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হল জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি (দিশা)-র বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার দুই সাংসদ অভিজিৎ গাঙ্গুলী ও সৌমেন্দু অধিকারী, সেচমন্ত্রী অরূপ দাস, উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের মন্ত্রী ডাক্তার হরেকৃষ্ণ বেরা সহ একাধিক বিধায়ক, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, অতিরিক্ত জেলাশাসক-সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা। জেলার পরিকাঠামো, কৃষি, পর্যটন, শিল্প ও জলনিকাশি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, ‘‘প্রায় ছয়-সাত বছর পর দিশা কমিটির বৈঠক হল। আমরা ২০২৪ সালে সাংসদ হয়েছি। গত দু’বছরেও এই ধরনের কোনও বৈঠকের বিষয়ে জানতাম না। নতুন সরকার গঠনের পর এই বৈঠক হওয়ায় জেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সুযোগ মিলেছে। বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ খোঁজা হচ্ছে।’’ তাঁর দাবি, পর্যটন, শিল্প, মৎস্যচাষ, ধান, পান ও ফুলচাষ— নানা ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্পদকে কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে রাজ্যের প্রতিমন্ত্রী অরূপ দাস বলেন, ‘‘আগের সরকার বিরোধী দলের জনপ্রতিনিধিদের উন্নয়নমূলক আলোচনায় গুরুত্ব দিত না। বর্তমান সরকার উন্নয়নের প্রশ্নে সকলকে সঙ্গে নিয়ে চলার নীতি নিয়েছে। উন্নয়ন কোনও রাজনৈতিক দলের নয়, বাংলার মানুষের।’’ তাঁর দাবি, বিরোধী দলের প্রতিনিধিদেরও প্রশাসনিক বৈঠকে মর্যাদা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সমস্যার সমাধানে আলোচনার মাধ্যমে পদক্ষেপ করা হচ্ছে।


জলনিকাশি সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘এ বছরেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন দাবি করছি না। তবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এই পর্বে সম্পূর্ণ করার আশা রয়েছে। তা হলে দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে বহু মানুষ মুক্তি পাবেন।’’ পাশাপাশি ডিভিসি-র সঙ্গে সমন্বয় বাড়িয়ে জল ছাড়ার বিষয়েও পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিকাঠামোগত সমস্যার সমাধান নিয়ে আলোচনা হওয়ায় প্রশাসনিক মহলে আশাবাদী মনোভাব তৈরি হয়েছে।

কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ