খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে তলিয়ে গেল ২ বোন! ময়নায় মর্মান্তিক পরিণতি দুই নাবালিকারকয়েক মুহূর্তের অসতর্কতা। আর তাতেই ঘটে গেল চরম বিপত্তি। বাড়ির অদূরেই খেলছিল দুই বোন। আচমকাই পা হড়কে পুকুরের গভীর জলে পড়ে যায় ছোট বোন। আর তাকেই বা…
খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে তলিয়ে গেল ২ বোন! ময়নায় মর্মান্তিক পরিণতি দুই নাবালিকার
কয়েক মুহূর্তের অসতর্কতা। আর তাতেই ঘটে গেল চরম বিপত্তি। বাড়ির অদূরেই খেলছিল দুই বোন। আচমকাই পা হড়কে পুকুরের গভীর জলে পড়ে যায় ছোট বোন। আর তাকেই বাঁচাতে গিয়ে জলে ঝাঁপ দেয় দিদিও। শেষ রক্ষা অবশ্য হয়নি। পুকুরের জলে ডুবে অকালেই ঝরে গেল দুটি তাজা প্রাণ।
বুধবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার মথুরাপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত দুই সহোদরার নাম পূজা কায়েত (৯) এবং পায়েল কায়েত (৪)। এই ঘটনায় গোটা এলাকা জুড়েই নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালবেলা বাড়ির সামনেই খেলছিল পূজা ও পায়েল। সেই সময় পরিবারের অন্য সদস্যরা ঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরেই ছিল একটি পুকুর। খেলাধুলো করার ফাঁকেই কোনওভাবে পুকুরের ধারে চলে যায় তারা।
প্রাথমিক অনুমান, খেলতে খেলতে অসাবধানতাবশত প্রথমে চার বছর বয়সী পায়েল পুকুরে পড়ে যায়। বোনকে জলে হাবুডুবু খেতে দেখে তাকে বাঁচানোর জন্য কিছু না ভেবেই পুকুরে ঝাঁপ দেয় ৯ বছরের দিদি পূজা। কিন্তু সাঁতার না জানায় দু'জনেই পুকুরের অতল জলে তলিয়ে যায়।
পরিবার সূত্রে খবর, দুই নাবালিকার বাবা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। বাড়িতে দাদু-ঠাকুমা থাকলেও তাঁরা অসুস্থ। এদিন সকালে পাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থাকায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা। প্রথমে সন্তানদের টিভির সামনে বসিয়ে রেখে কাজে গিয়েছিলেন তিনি। কিন্তু মায়ের অলক্ষ্যেই তারা বাইরে বেরিয়ে আসে।
বেশ কিছুক্ষণ বাচ্চাদের কোনও সাড়াশব্দ না পেয়ে মা বাইরে বেরিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। চারিদিকে সন্ধান করেও যখন হদিস মিলছিল না, তখন বাড়ির লোকের সন্দেহ গিয়ে পড়ে সামনের পুকুরটির ওপর। এরপরই স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। কিছুক্ষণের চেষ্টায় জল থেকে দুই বোনের নিথর দেহ উদ্ধার করা হয়।
মৃত নাবালিকাদের মামা শম্ভু দাস জানিয়েছেন
"বোন রান্না করছিল। বাড়ির উঠোনেই দুই ভাগ্নি খেলা করছিল। খেলতে খেলতে ছোট ভাগ্নি জলে পড়ে যায়। তাকেই বাঁচাতে জলে নামে বড় ভাগ্নি। দু'জনেই জলে তলিয়ে গেল।"
উদ্ধারের পর অচেতন অবস্থায় দুই শিশুকে দ্রুত স্থানীয় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অসাবধানতার জেরে চোখের পলকে একই পরিবারের দুই শিশুর এই অকাল মৃত্যুতে বাকরুদ্ধ মথুরাপুর গ্রাম।
কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ
