নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: জেলাজুড়ে সবুজ-মেরুন আবেগকে আরও সুসংগঠিত করতে পূর্ব মেদিনীপুরে আত্মপ্রকাশ করল মোহনবাগান সমর্থকদের নতুন ফ্যানস ক্লাব তাম্রলিপ্ত দে মেরিনার্স(পূর্ব মেদিনীপুর মেরিনার্স)। সোমবার তমলুকের রাখাল মেমোরি…
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: জেলাজুড়ে সবুজ-মেরুন আবেগকে আরও সুসংগঠিত করতে পূর্ব মেদিনীপুরে আত্মপ্রকাশ করল মোহনবাগান সমর্থকদের নতুন ফ্যানস ক্লাব তাম্রলিপ্ত দে মেরিনার্স(পূর্ব মেদিনীপুর মেরিনার্স)। সোমবার তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্যানস ক্লাবটির অফিশিয়াল লোগো উন্মোচন করা হয়।
সবুজ-মেরুন সমর্থকদের দীর্ঘদিনের এই স্বপ্নপূরণ হলো স্বয়ং মোহনবাগানের প্রবাদপ্রতিম ফুটবলার, সমর্থকদের নয়নের মণি তথা সবুজ তোতা হোসে রামিরেজ ব্যারেটোর হাত ধরে। তাঁর হাত থেকেই লোগোটি উন্মোচিত হওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত জেলার মেরিনার্সরা। লোগো উন্মোচন অনুষ্ঠানে মোহনবাগান মাঠের এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত দে মেরিনার্স ফ্যানস ক্লাবের বিশিষ্ট সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন আনন্দময় নন্দ (সম্পাদক),নিখিলেশ সামন্ত,মিঠুন অধিকারী, অরিজিত পাল, অরুণ বালা, ইমতিয়াজ আলম। এছাড়াও ফ্যানস ক্লাবের অন্যান্য সক্রিয় সদস্যরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে বিশেষ ভাবে সাহায্য করেছে তমলুকের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব খেলাঘর। লোগো উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফ্যানস ক্লাবের পক্ষ থেকে প্রিয় তারকা ব্যারেটো এবং সেখানে উপস্থিত অন্যান্য ফুটবলারদের মিষ্টিমুখ করানো হয়।
এছাড়া ক্লাবের পক্ষ থেকে তাঁদের হাতে ফুটবল এবং মিষ্টান্ন সহ বিশেষ উপহার সামগ্রী তুলে দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। ফ্যানস ক্লাবের পক্ষ থেকে বলেন,- ব্যারেটোর মতো কিংবদন্তির হাত দিয়ে আমাদের লোগো উন্মোচন হওয়াটা অত্যন্ত গর্বের। আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে মোহনবাগানের ঐতিহ্য ও আবেগকে ছড়িয়ে দিতে এবং নানা সামাজিক কর্মকাণ্ডে এই ফ্যানস ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে। এই লোগো উন্মোচনের পর থেকেই পূর্ব মেদিনীপুরের ফুটবলপ্রেমী ও মোহনবাগান সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।


