অরুণ কুমার সাউ, হলদিয়া: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শিল্পশহর হলদিয়া। মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি পাইপলাইন থেকে আচমকাই দাহ্য তরল ন্যাপথা লিক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে এব…
অরুণ কুমার সাউ, হলদিয়া: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল শিল্পশহর হলদিয়া। মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি পাইপলাইন থেকে আচমকাই দাহ্য তরল ন্যাপথা লিক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায়। এই ঘটনায় আশপাশের বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন বাসিন্দা।স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার তখন সবে ভোর হচ্ছে। হঠাৎই পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে জ্বলতে শুরু করে পুরো চত্বর, আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগের রাত থেকেই এলাকায় একটা গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। ভোরের এই ভয়াবহ কাণ্ডে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন শয়ে শয়ে মানুষ। কারখানার ঠিক পাশ দিয়ে রেললাইন যাওয়ায় আগুন ও উত্তাপে ওভারহেড ইলেকট্রিক লাইন এবং একটি ট্রান্সফর্মার পুড়ে যায়। লাইনেরও বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার কারণে হলদিয়া থেকে হাওড়াগামী প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে, যার ফলে চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর পাশাপাশি অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় ১৫ জনকে উদ্ধার করেন দমকল কর্মী ও স্থানীয়রা। ভবানীপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঁচ জনকে স্থানান্তরিত করা হয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে।
আহতদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের তড়িঘড়ি কলকাতায় পাঠানো হয়েছে। সকালে খবর পেয়েই আহতদের দেখতে যান হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ বিজলি। তিনি বলেন- পাইপলাইন লিক করে ন্যাপথা বেরিয়ে গিয়েছিল। সেখান থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।ঠিক কী কারণে এই ন্যাপথা লিক এবং বিস্ফোরণ, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এই প্রসঙ্গে জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, "কী ভাবে এমন ঘটনা ঘটল, সেটা এখনই বলা যাচ্ছে না। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।"দুর্ঘটনার পর হলদিয়া পেট্রোকেমিক্যালসের পক্ষ থেকেও একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্ত চলছে এবং এর প্রভাব কতটা তা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে কর্মী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই সংস্থার প্রধান অগ্রাধিকার। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের ফোম ও জল স্প্রে করার কাজ জারি রয়েছে।

