Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুল চলাকালীন হোস্টেল থেকে দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার: চাঞ্চল্য তমলুকে

অরুণ কুমার সাউ, তমলুক: স্কুল চলাকালীন হোস্টেলের ঘর থেকে এক দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার তমলুক থানা এলাকার কুরপাই হাই স্কুলেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলি…


 অরুণ কুমার সাউ, তমলুক: স্কুল চলাকালীন হোস্টেলের ঘর থেকে এক দশম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার তমলুক থানা এলাকার কুরপাই হাই স্কুলেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম সুখেন্দু দাস (১৫)। 

স্থানীয় ও স্কুল সূত্রে জানা গেছে, ওই স্কুলে যথারীতি প্রাতঃকালীন বিভাগের (মর্নিং সেশন) ক্লাস চলছিল। সকালে হোস্টেলের ঘর থেকে বাকি পড়ুয়াদের সঙ্গেই ক্লাসরুমে এসেছিল সুখেন্দু। কিন্তু প্রথম দুটি ক্লাস করার পর সে আচমকাই কোনো কারণে আবার হোস্টেলের ঘরে ফিরে যায়।

পরবর্তীতে স্কুল ছুটি হওয়ার পর হোস্টেলের অন্য ছাত্ররা ঘরে ফিরে স্তম্ভিত হয়ে যায়। তারা দেখে, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছার ফাঁস লাগিয়ে ঝুলছে সুখেন্দু।ঘটনাটি জানাজানি হতেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্রুত তমলুক থানায় খবর দেন। 


পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তমলুক থানা সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্ত ও চিরকুটের বয়ান খতিয়ে দেখে পুলিশের অনুমান— প্রেমঘটিত কোনো মানসিক অবসাদের কারণেই ওই কিশোর এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

থানার পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করা হয়েছে ।স্কুল চত্বরে এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।