Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নয়া দিগন্তের ফুটবল যুদ্ধ: আজ থেকেই শুরু ৪৮ দলের মেগা বিশ্বকাপ ফুটবল, রাজনীতির রেশ ভুলে সাম্বায় ভাসছে তমলুক

কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ : ​ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, চড়ছে পারদ। তবে এই পারদ রাজনীতির নয়, এ পারদ বিশুদ্ধ ফুটবল আবেগের। আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। এবার বিশ্বকাপের আসর বসেছে উত্তর আমেরিকার তিন দেশে…

 


কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ : 

​ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, চড়ছে পারদ। তবে এই পারদ রাজনীতির নয়, এ পারদ বিশুদ্ধ ফুটবল আবেগের। আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। এবার বিশ্বকাপের আসর বসেছে উত্তর আমেরিকার তিন দেশে, মেক্সিকো, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। ফুটবল ইতিহাসের খোলনলচে বদলে দিয়ে এই প্রথম বারোটি গ্রুপে ভাগ হয়ে মোট ৪৮টি দেশ নামছে বিশ্বজয়ের লক্ষ্যে। আগামী ৪৫ দিন ধরে ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচের এই মহাযজ্ঞে মেতে থাকবে গোটা দুনিয়া। আর সেই বিশ্বজনীন উন্মাদনার ছোঁয়া থেকে বাদ গেল না পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী তমলুক শহরও।

​সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের রাজনৈতিক চাপানউতোর, দেওয়াল লিখন আর স্লোগানের লড়াই এখন অতীত। ভোটের কালি আঙুল থেকে মুছতে না মুছতেই তমলুকের অলিতে-গলিতে এখন শুধুই ফুটবল রঙ। শহরের বিভিন্ন ক্লাবের উদ্যোগে ইতিমধ্যেই টাঙানো হয়েছে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা এবং তারকা ফুটবলারদের কাট-আউট। তবে আর পাঁচটা জায়গার মতো তমলুকেরও একটা বড় অংশের মন কেড়েছে হলুদ-সবুজ ব্রিগেড।


​শহরের সিংহভাগ ক্লাবের দেওয়ালেই এখন শোভা পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পোস্টার। ফুটবলপ্রেমীদের সিংহভাগই এবার সেলেকাওদের ওপর বাজি ধরছেন। নেইমার, ভিনিসিয়াসদের ছবি দিয়ে সাজানো হয়েছে পাড়ার মোড়গুলো। অবশ্য গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকরাও পিছিয়ে নেই। নীল-সাদা শিবিরের দাবি, ট্রফি মারাদোনা-মেসির দেশেই থাকবে।

​গতবার মরুশহরের ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা। এবার কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট? এমবাপে, ভিনিসিয়াস নাকি নতুন কোনও নায়ক জন্ম নেবে এই মেগা টুর্নামেন্টে? উত্তর মিলবে আগামী ৪৫ দিন পর। তবে আপাতত সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে, টিভির পর্দায় চোখ রেখে ফুটবল উৎসবে মাতোয়ারা হতে পুরোপুরি প্রস্তুত তমলুক।