অরুণ কুমার সাউ, তমলুক: ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠনে এক অনন্য উদ্যোগ দেখা গেল পূর্ব মেদিনীপুরে। ২৮ জুন রবিবার নিমতৌড়ির কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো …
অরুণ কুমার সাউ, তমলুক: ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠনে এক অনন্য উদ্যোগ দেখা গেল পূর্ব মেদিনীপুরে। ২৮ জুন রবিবার নিমতৌড়ির কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো জেলা স্তরের বিজ্ঞান প্রতিযোগিতা ও বিজ্ঞান শিবির। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল।
সকালে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও সময়োপযোগী সেমিনারের মধ্য দিয়ে এই শিবিরের সূচনা ঘটে। এবারের সেমিনারের মূল বিষয় ছিল ‘পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন - জীব জগতের উপর প্রভাব’। এই বিষয়ে অত্যন্ত তথ্যসমৃদ্ধ ও আকর্ষণীয় আলোচনা রাখেন হুগলির খলিসানী কলেজের অধ্যাপক তথা সংগঠনের রাজ্য কমিটির সদস্য ড. দেব্যজ্যোতি দাস এবং সংগঠনের রাজ্য সহ-সভাপতি ডক্টর নির্মল দুয়ারী।অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মানস কুমার মাইতি (সভাপতি, জেলা শাখা),শিক্ষক গুরুপ্রসাদ জানা (কার্যকরী সভাপতি, জেলা শাখা),প্রধান শিক্ষক সাত্তাকুর রহমান ও প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বেরা ।
এছাড়াও জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।সংস্থার পক্ষ থেকে জানানো হয় "বর্তমান যুগে পরিবেশের সংকট ও গ্লোবাল ওয়ার্মিংয়ের মোকাবিলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানসম্মত উপায়ে ভাবতে শেখানো অত্যন্ত জরুরি।" এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক প্রতিযোগীসহ মোট দুই শতাধিক বিজ্ঞান অনুরাগী মানুষ অংশ নেন। সারাদিন ধরে চলা এই শিবিরে একাধিক আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যার মধ্যে ছিল হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা,পোস্টার মেকিং ও ফটোগ্রাফি, তাৎক্ষণিক বক্তৃতা, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা।বিশেষ আকর্ষণ হিসেবে ছাত্রছাত্রীদের জন্য একটি হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার কর্মশালা পরিচালিত হয়, যা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সুমন্ত সী।দিনের শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সমাজে বিজ্ঞানমনস্কতা প্রসারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক অধ্যাপক তপন সী, তমলুক কলেজের অধ্যাপক প্রীতি রঞ্জন পাহাড়ি এবং প্রধান শিক্ষক সাত্তাকুর রহমান।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য তথা শিক্ষক রঞ্জিত জানা।


