Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিঘা থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত অন্তত ১০

অরুণ কুমার সাউ, কাঁথি: বর্ষার মরশুমে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে আনন্দ মনে কলকাতায় ফিরছিলেন পর্যটকেরা। কিন্তু এক মুহূর্তের অসতর্কতায় সেই আনন্দ বদলে গেল আতঙ্কে। দিঘা-কলকাতা রুটের একটি দূরপাল্লার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ন্ত্রণ হ…


অরুণ কুমার সাউ, কাঁথি: বর্ষার মরশুমে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে আনন্দ মনে কলকাতায় ফিরছিলেন পর্যটকেরা। কিন্তু এক মুহূর্তের অসতর্কতায় সেই আনন্দ বদলে গেল আতঙ্কে। দিঘা-কলকাতা রুটের একটি দূরপাল্লার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যাওয়ায় ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। সোমবার ঘটনাটি ঘটেছে কাঁথির ছত্রধরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এই ঘটনায় অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'সন্তোষ ট্রাভেলস'-এর ওই এসি বাসটি দিঘা থেকে কলকাতার অভিমুখে (মতান্তরে হাবড়া) যাচ্ছিল। কাঁথি শহরে ঢোকার মুখে ছত্রধরা এলাকায় আচমকাই বাসের সামনে একজন মোটরসাইকেল আরোহী চলে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই বাসের চালক তীব্র গতিতে থাকা গাড়িটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলেই বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে সরাসরি পাশের নয়নজুলিতে (রাস্তার ধারে) উল্টে পাল্টি খেয়ে পড়ে যায়।দুর্ঘটনার বিকট শব্দ শুনেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় জনতা ও পুলিশের যৌথ তৎপরতায় বাসের জানালা ভেঙে এবং ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের একে একে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় প্রায় ১০ জন যাত্রী গুরুতর চোট পেয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। বাকি যাত্রীদের অনেকেরই সামান্য আঘাত লেগেছে, তবে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।এদিকে ব্যস্ততম এই রাস্তায় বাস উল্টে যাওয়ার কারণে ঘটনার পর পরই তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে কাঁথি থানার পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।