Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অরণ্য সপ্তাহে বাজকুল রেঞ্জের নিজকসবা বিট অফিসে কেয়ার অফ খেজুরীর সবুজের বার্তায় মুখর বনমহোৎসব

নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর ....পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অরণ্য সপ্তাহ ২০২৬-এর শুভ সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। পূর্ব মেদিনীপুর জেলা-স্তরের উদ…


নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর ....পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অরণ্য সপ্তাহ ২০২৬-এর শুভ সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। পূর্ব মেদিনীপুর জেলা-স্তরের উদ্বোধনের পর বাজকুল ফরেস্ট রেঞ্জ অফিসের উদ্যোগে খেজুরীর নিজকসবা বিট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠান।অনুষ্ঠানের সূচনায় এবারের ম্যাসকট রুদ্র ও কিরণ-কে সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বন ও জীববৈচিত্র্য রক্ষা, বৃক্ষরোপণ এবং সবুজ পৃথিবী গড়ে তোলার নানা সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরী বিধানসভার বিধায়ক সুব্রত পাইক, খেজুরী–২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও), বাজকুল ফরেস্ট রেঞ্জ অফিসার, খেজুরী পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ, নিজকসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, সংশ্লিষ্ট বিট অফিসার, বন দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বনকর্মীবৃন্দ এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। সম্পূর্ণ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল কেয়ার অফ খেজুরী স্বেচ্ছাসেবী সংস্থা।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল "এক পেড় মা কে নাম" বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত টি-শার্ট চিত্রাঙ্কন কর্মসূচি, যেখানে পরিবেশ সংরক্ষণ, বন ও বন্যপ্রাণ রক্ষার বার্তা সৃজনশীলভাবে ফুটিয়ে তোলে অংশগ্রহণকারীরা। পাশাপাশি অনুষ্ঠিত হয় "হারিয়ে যাওয়া ছদ্মবেশ" বিষয়ভিত্তিক ছদ্মবেশ প্রতিযোগিতা। নাচ, গান, আবৃত্তি এবং অরণ্যের বন্দনা পরিবেশনের মধ্য দিয়ে প্রকৃতি ও সবুজের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন প্রজাতির গাছের বীজ দিয়ে সিডবল (Seed Ball) তৈরি ও নিক্ষেপ কর্মসূচি পরিচালিত হয়, যা ভবিষ্যৎ সবুজায়নের এক অভিনব উদ্যোগ হিসেবে সকলের প্রশংসা কুড়ায়।


অনুষ্ঠানে উপস্থিত শতাধিক শিক্ষার্থী, পরিবেশপ্রেমী ও সাধারণ মানুষের হাতে বন দপ্তরের পক্ষ থেকে চারা গাছ তুলে দেওয়া হয়। উপকূলীয় অঞ্চলের বনভূমি ও ম্যানগ্রোভ সংরক্ষণের গুরুত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারের কথা তুলে ধরেন বক্তারা।

এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের সারা বছর ধরে ১ কোটি ১০ লক্ষ বৃক্ষরোপণের মহৎ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় এবং সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আবেদন জানানো হয়।


বন দপ্তর, প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে অরণ্য সপ্তাহ ২০২৬-এর এই আয়োজন পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এবং সবুজ বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।