অরুণ কুমার সাউ,ময়না: টাকার এটিএমের মতোই এবার প্রত্যন্ত গ্রামের রাস্তার ধারে ২৪ ঘণ্টা পরিষেবা দিতে হাজির 'স্যানিটারি প্যাড এটিএম'। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের দোনাচক গ্রামে এক স্বেচ্ছাসেবী সংস্থার অভিনব এই উদ্যোগ বর্তমা…
অরুণ কুমার সাউ,ময়না: টাকার এটিএমের মতোই এবার প্রত্যন্ত গ্রামের রাস্তার ধারে ২৪ ঘণ্টা পরিষেবা দিতে হাজির 'স্যানিটারি প্যাড এটিএম'। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের দোনাচক গ্রামে এক স্বেচ্ছাসেবী সংস্থার অভিনব এই উদ্যোগ বর্তমানে সমাজমাধ্যমে তুমুল ভাইরাল। বছরের ৩৬৫ দিন, দিন হোক বা রাত—যেকোনো সময় মহিলারা মাত্র ৫ টাকার বিনিময়ে এই এটিএম (ভেন্ডিং মেশিন) থেকে প্যাড সংগ্রহ করতে পারবেন।প্যাড সংগ্রহের পাশাপাশি ব্যবহৃত ন্যাপকিন পরিবেশবান্ধব উপায়ে নষ্ট করার জন্য রয়েছে দুটি ইনসিনেরেটর এবং আকস্মিক প্রয়োজনে নিরাপদে ন্যাপকিন পরিবর্তনের জন্য রয়েছে একটি বিশেষ 'প্যাড চেঞ্জিং রুম'।স্কুল-কলেজ বা সুলভ শৌচালয়ের মতো এটি কোনো নির্দিষ্ট সময়ের বেড়াজালে সীমাবদ্ধ নয় প্রথম সম্পূর্ণ স্বতন্ত্র স্যানিটারি প্যাড এটিএম।'দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' নামের একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক শুভদীপ ভৌমিক ও তাঁর বন্ধুদের যৌথ প্রচেষ্টায় এটি বাস্তবায়িত হয়েছে। এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন গ্রামেরই কিছু পরিযায়ী শ্রমিক, টোটো চালক, দিনমজুর ও আশাকর্মীরা।
২০১৭ সাল থেকে গ্রামীণ মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা ও কুসংস্কার দূরীকরণের কাজ শুরু করেন এই যুবকেরা। নানা সামাজিক বাধা ও হুমকির সম্মুখীন হয়েও তাঁরা প্রায় ৬,০০০ মহিলা ও ছাত্রীকে বিনামূল্যে ন্যাপকিন বিতরণ করেন। অবশেষে ২০২৬ সালের জানুয়ারি মাসে এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে ছাত্রীদের হাত দিয়েই এই এটিএম-এর উদ্বোধন করা ।এই উদ্যোগের ফলে প্রত্যন্ত গ্রামের সাধারণ মহিলা ও স্কুলছাত্রীরা দারুণভাবে উপকৃত হচ্ছেন। উদ্যোক্তাদের পাশাপাশি সমাজমাধ্যমের নেটিজেনদেরও দাবি—মহিলাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে টাকার এটিএমের মতোই প্রতিটি ব্লকে অন্তত একটি করে এমন 'প্যাড এটিএম' স্থাপন করা উচিত।

