অরুণ কুমার সাউ, ময়না:* চিন্তাবিদ তথা জননেতা ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও চিন্তাভাবনাকে সমাজের প্রতিটি স্তরে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের ময়নায় অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ আলোচনা সভা ও সম্ম…
অরুণ কুমার সাউ, ময়না:* চিন্তাবিদ তথা জননেতা ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও চিন্তাভাবনাকে সমাজের প্রতিটি স্তরে, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের ময়নায় অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ আলোচনা সভা ও সম্মেলন। ‘শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র’-এর উদ্যোগে আয়োজিত এই ‘রাষ্ট্রীয় সেবক সম্মেলন’-টি ঘিরে এদিন ময়নায় বিশেষ উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশনের মিটিং হলে আয়োজিত এই সেমিনারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, তাঁর মূল আদর্শ এবং বর্তমান সমাজে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে বিশদ আলোচনা করা হয়।এদিনের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রাক্তন অধ্যাপক দিলীপ কুমার মান্না রচিত ‘জনদরদী শ্যামাপ্রসাদ’ বইটির বিশেষ আত্মপ্রকাশ ও বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি অংশগ্রহণকারী ও অতিথির হাতে বইটি সম্মানপূর্বক তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের আশা, এই বইটির মাধ্যমে সাধারণ মানুষ শ্যামাপ্রসাদের রাজনৈতিক ও সামাজিক দূরদর্শিতা সম্পর্কে আরও স্পষ্টভাবে জানতে পারবেন।সম্মেলনে মূলত ধর্ম, শিক্ষা ও সেবা—এই তিন মূল স্তম্ভকে কেন্দ্র করে আলোচনা আবর্তিত হয়। বিশিষ্ট বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান সমাজব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ রক্ষা, সুশিক্ষা বিস্তার এবং মানবসেবার গুরুত্ব অপরিসীম।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেভাবে দেশের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছিলেন, সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই এই ধরনের সম্মেলনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে শ্যামাপ্রসাদের বহুমুখী ব্যক্তিত্ব ও দেশপ্রেমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন একাধিক বিশিষ্ট গুণীজন। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন কর্ণধার শশাঙ্ক মাইতি,ময়না বিবেকানন্দ মিশনের কর্ণধার বিদ্যুৎ মাইতি,চিত্তরঞ্জন দাস সহ অন্যান্য সমাজসেবী ও শিক্ষাবিদগণ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও ময়না সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই ধরনের গঠনমূলক ও মানব দরদী কর্মসূচি অব্যাহত থাকবে।

