*অরুণ কুমার সাউ, তমলুক :* দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে ১২ বছরের এক নাবালিকা স্কুলছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোমবার উত্তাল হলো পূর্ব মেদিনীপুর জেলা। ঘটনার পিছনে পুলিশের নিষ্ক্রিয়তা, অপরাধীদের আড়াল কর…
*অরুণ কুমার সাউ, তমলুক :* দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে ১২ বছরের এক নাবালিকা স্কুলছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সোমবার উত্তাল হলো পূর্ব মেদিনীপুর জেলা। ঘটনার পিছনে পুলিশের নিষ্ক্রিয়তা, অপরাধীদের আড়াল করার চেষ্টা এবং সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার, ৬ জুলাই 'সারা বাংলা প্রতিবাদ দিবস'-এর ডাক দিয়েছিল এসইউসিআই (কমিউনিস্ট)। এই কর্মসূচির অংশ হিসেবেই জেলার বিভিন্ন প্রান্তে জোরদার বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত হয়।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, মেচেদা, ভোগপুর ও পাঁশকুড়া স্টেশন চত্বরসহ একাধিক এলাকায় দলের কর্মী-সমর্থকেরা রাজপথে নামেন। তমলুকের মানিকতলা মোড় থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে তমলুক থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অন্যদিকে, মেচেদার ফাইভ পয়েন্ট মোড়, হলদিয়া এবং পাঁশকুড়া স্টেশন সংলগ্ন এলাকায় মিছিলের পাশাপাশি পথসভাও অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ প্রসঙ্গে এসইউসিআই (সি )-র জেলা সম্পাদক প্রণব মাইতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "কেন্দ্র ও রাজ্য সরকার মুখে 'বেটি বাঁচাও' স্লোগান দিলেও দেশজুড়ে মেয়েদের ওপর নির্যাতন থামা তো দূর অস্ত, বরং তা ক্রমাগত বেড়েই চলেছে। আমাদের রাজ্যে নতুন সরকারের আমলেও যেভাবে বারুইপুরের সূর্যপুরে এই নৃশংস ঘটনা ঘটল, তা অত্যন্ত ধিক্কারজনক।"তিনি আরও দাবি করেন, এই নাবালিকার আসল খুনি ও ধর্ষকদের কঠোরতম শাস্তি দিতে হবে। একই সঙ্গে ক্ষমতার অলিন্দে বসে যারা দোষীদের আড়াল করার চেষ্টা করছে, তাদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতেই আজ জেলা জুড়ে তীব্র আন্দোলনের সূচনা করা হলো এবং আগামী দিনেও এই প্রতিবাদ জারি থাকবে বলে দলীয় নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে।

