নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর...পশ্চিম মেদিনীপুর জেলা বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা ২০২৫-এর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্স অডিটোরিয়ামে। অনুষ্ঠানে জেলার ২৫টি বিজ্ঞান কেন্দ্রের সফল অভী…
নিজস্ব প্রতিবেদক মেদিনীপুর...পশ্চিম মেদিনীপুর জেলা বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা ২০২৫-এর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্স অডিটোরিয়ামে। অনুষ্ঠানে জেলার ২৫টি বিজ্ঞান কেন্দ্রের সফল অভীক্ষার্থী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকা, সংগঠনের নেতৃত্ব এবং অভিভাবক-অভিভাবিকাসহ প্রায় ৯৫০ জন উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের প্রয়োগ, দক্ষতার পরিমাপ, অসচরাচর পদ্ধতিতে চিন্তা করার ক্ষমতা এবং সর্বোপরি বিজ্ঞানমনস্কতার বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ১৯৯৩ সাল থেকে বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা পরিচালনা করে আসছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাজে এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
২০২৫ সালের অভীক্ষা গত ২১ সেপ্টেম্বর জেলার ২৯৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় থেকে দশম শ্রেণির মোট ৪১,৩৫৪ জন ছাত্রছাত্রী এই অভীক্ষায় অংশগ্রহণ করে। গত ২২ ডিসেম্বর জেলা স্তরে প্রতিটি শ্রেণির প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি জেলার ২৫টি বিজ্ঞান কেন্দ্রে E, A+ ও A গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীদের শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়েছে।
প্রতিটি শ্রেণির প্রথম স্থানাধিকারীকে মাসিক অর্থবৃত্তি প্রদান করা হয়। চতুর্থ শ্রেণির প্রথম স্থানাধিকারীকে আশুতোষ-রাধারানী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়েছে। প্রাথমিক স্তরে সর্বোচ্চ পুরস্কারপ্রাপক হিসেবে ‘নবকুমার রায় স্মৃতি রানিং শিল্ড’ যুগ্মভাবে অর্জন করেছে সিদ্ধেশ্বরী বিদ্যাপীঠ, চন্দ্রকোনা রোড এবং খাকুড়দা বিবেকানন্দ বিদ্যামন্দির। মাধ্যমিক স্তরে ‘নিলয় পাল স্মৃতি রানিং শিল্ড’ পেয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, মেদিনীপুর। জেলার সর্বোচ্চ অভীক্ষার্থী সংগ্রাহক হিসেবে ‘দিলীপ কুমার প্রধান স্মৃতি রানিং শিল্ড’ অর্জন করেছে ডেবরা বিজ্ঞান কেন্দ্র।
দ্বিতীয় থেকে দশম শ্রেণির দশম স্থানাধিকারীদের মধ্য থেকে প্রকৃত দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়। দ্বিতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত দুজন করে মোট ১০ জন এবং সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত একজন করে মোট ৪ জন—সর্বমোট ১৪ জন শিক্ষার্থীকে প্রায় ৪২ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। সপ্তম শ্রেণির মেধাবী অভীক্ষার্থী অঙ্কন পাত্র এবছর ‘দিলীপ কুমার প্রধান স্মৃতি অর্থবৃত্তি’ লাভ করেছে। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান জেলা সম্পাদক ড.সুধাপদ বসু।
অনুষ্ঠানে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আগামীর পৃথিবী’ বিষয়ে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. নন্দিনী মুখার্জি। তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়ের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোর এবং প্রতিটি মুহূর্তে নিজেকে প্রস্তুত ও সময়োপযোগী করে তোলার আহ্বান জানান। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহারের ফলে বিদ্যুৎ খরচ ও কার্বন নিঃসরণ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে বলে তিনি উল্লেখ করেন। কর্মহীন মানুষের পুনঃপ্রশিক্ষণ ও নতুন কর্মক্ষেত্রে তাঁদের পুনর্বাসনের বিষয়টি সরকারকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে বলেও তিনি মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, আইপিএস। তিনি জানান, ছোটবেলায় তিনিও বিজ্ঞান মঞ্চের অভীক্ষায় অংশ নিয়েছিলেন। বিজ্ঞান মঞ্চের কর্মকাণ্ডের প্রতি তাঁর আগ্রহ ও সমর্থনের কথা উল্লেখ করে তিনি বিজ্ঞানমনস্ক ও কুসংস্কারমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সততার পক্ষে দৃঢ়ভাবে থাকার জন্যও তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন। মহিলা সুরক্ষার ক্ষেত্রেও তিনি তাঁর অঙ্গীকারের কথা জানান।
এদিন বিশেষ সম্মাননা প্রদান করা হয় ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ী সাঁতারু আফরিন জাবি-কে। নিজের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে নিবিড় অনুশীলন, কাজের প্রতি নিষ্ঠা, অধ্যবসায় এবং কাজের প্রতি ভালোবাসা অপরিহার্য। তাঁর বক্তব্যে উঠে আসে—মেয়েরাও পারে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারাও সাফল্যের শিখরে পৌঁছতে পারে।
অনুষ্ঠানে প্রায় ৫০০ জন সফল অভীক্ষার্থীর হাতে শংসাপত্র ও বই তুলে দিয়ে তাঁদের সংবর্ধিত করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি ড. দিলীপ চক্রবর্তী, অভীক্ষা আহ্বায়ক কার্তিক চক্রবর্তী এবং অভীক্ষা নিয়ামক গোপাল হরি বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা ড. সুজাতা মাইতি চৌধুরী।
সংগঠনের জেলা সম্পাদক ড. সুধাপদ বসু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্দেশ্য ও ৪০ বর্ষ উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি জানান, সংগঠনের ৪০ বর্ষ উদযাপন উপলক্ষে জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে এবং ১৭ আগস্ট থেকে ৬ সেপ্টম্বর বিভিন্ন আঙ্গিকে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সভা থেকে জানানো হয়, আগামী ২ অক্টোবর ২০২৬ বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই অভীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সকল ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সংগঠক ও শুভানুধ্যায়ীদের
ধন্যবাদ জানান জেলা সম্পাদক ড.সুধাপদ বসু। পাশাপাশি তিনি এই বৃহৎ কর্মসূচি সফল করার জন্য জেলা অফিস সম্পাদক চন্দ্রশেখর দাস, অভিজিৎ দাশগোস্বামী, ড. বাবুলাল শাসমল এবং জেলার বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক , সভাপতি ও অন্যান্য সংগঠকদের বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


