Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার কাউন্টডাউন শুরু করে দিল পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটি

কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষখুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার কাউন্টডাউন শুরু করে দিল পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটি। রবিবার সকালে ইতিহাস বিজড়িত তমলুক রাজবাড়ীর ময়দানে সাড়ম্বরে অনুষ্ঠিত …


 কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ

খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার কাউন্টডাউন শুরু করে দিল পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটি। রবিবার সকালে ইতিহাস বিজড়িত তমলুক রাজবাড়ীর ময়দানে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো এই খুঁটি পূজা। এ দিন রাজবাড়ীর সদস্য এবং বহু স্থানীয় বাসিন্দার উপস্থিতিতে এ বছরের পূজার আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল।

​চলতি বছরে আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব পদার্পণ করল ২০তম বর্ষে। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রধান আকর্ষণ রাজবাড়ী প্রাঙ্গণের এই দুর্গাপূজা। পূজার দিনগুলিতে ঐতিহ্যবাহী রাজবাড়ীকে ঘিরে বসে জমজমাট মেলা। শতবর্ষের প্রাচীন ঐতিহ্য বহনকারী এই পূজাকে কেন্দ্র করে তমলুক শহর জুড়ে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে।

​বিগত বছরগুলিতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করতেন। রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন ও প্রশাসনিক রদবদলের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এ বার পূজার ফিতা কাটবেন কে?

​এই বিষয়ে আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক তথা তাম্রলিপ্ত পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, বিগত বছরগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভার্চুয়ালি তাঁদের পূজার উদ্বোধন করে সম্মান জানিয়েছেন, তার জন্য কমিটি তাঁর প্রতি কৃতজ্ঞ। তবে চলতি বছরে কে এই পূজার সূচনা করবেন, তা নিয়ে জল্পনা বজায় রেখেই দীপেন্দ্রবাবুর স্পষ্ট বক্তব্য, “এ বার পূজার উদ্বোধন কে করবেন, তা সময়ই বলবে।”

​রাজনৈতিক পরিবর্তনের আবহ থাকলেও পূজার উদ্দীপনায় যে কোনো ঘাটতি পড়বে না, সে বিষয়ে আশাবাদী উদ্যোক্তারা। বিগত বছরগুলির মতোই এ বছরও পূর্ণ আড়ম্বরের সঙ্গেই দুর্গোৎসব পালিত হবে বলে জানিয়েছে পূজা কমিটি।