অরুণ কুমার সাউ,তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের 'সারা বাংলা ওপেন র্যাপিড দাবা টুর্নামেন্ট'। ২৩ আগস্ট রবিবার তমলুকের ১১ নম্বর ওয়ার্ডের পদুমবসানের 'আমন্ত্রণ হলে' তমলুক চেস অ্যাসোসিয়ে…
অরুণ কুমার সাউ,তমলুক : পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অনুষ্ঠিত হয়ে গেল একদিনের 'সারা বাংলা ওপেন র্যাপিড দাবা টুর্নামেন্ট'। ২৩ আগস্ট রবিবার তমলুকের ১১ নম্বর ওয়ার্ডের পদুমবসানের 'আমন্ত্রণ হলে' তমলুক চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত মোট ২২০ জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নেন। কড়া টক্করের পর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হুগলি জেলার সুপ্রতিম ঘোষ । অনবদ্য লড়াই করে রানার্স-আপ হন পূর্ব মেদিনীপুরের তমলুকের ভূমিপুত্র শঙ্খদীপ মাইতি ।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি টুর্নামেন্টের উদ্দীপনা অনেকটাই বাড়িয়ে দেয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ময়না রাজবাড়ীর সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, তমলুক চেস অ্যাসোসিয়েশনের সম্পাদক উৎপল পাল,তমলুক চেস অ্যাসোসিয়েশন সভাপতি শিবাজী অধিকারী, বিশিষ্ট দাবা খেলোয়াড় সৌরভ ভৌমিক সহ অন্যান্য গুণীজনেরা।
অনুষ্ঠানে সম্পাদক উৎপল পাল প্রতিযোগীদের উৎসাহিত করেন। অন্যদিকে, শিক্ষাবিদ সিদ্ধার্থ বাহুবলিন্দ্র অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে বলেন, "ছেলে-মেয়েদের ঘরে বসিয়ে না রেখে দাবার মতো বুদ্ধিমত্তাভিত্তিক খেলায় যুক্ত করুন। বর্তমান যুগে সন্তানদের মোবাইল ফোনের ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে দাবা খেলা অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে।" টুর্নামেন্টটিকে ঘিরে স্থানীয় দাবাপ্রেমী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


