নিজস্ব প্রতিবেদক,পূর্ব মেদিনীপুর: ...পরিবেশ রক্ষা, বর্জ্যের পুনর্ব্যবহার এবং বৃক্ষ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার অফ খেজুরি। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন কর…
নিজস্ব প্রতিবেদক,পূর্ব মেদিনীপুর: ...পরিবেশ রক্ষা, বর্জ্যের পুনর্ব্যবহার এবং বৃক্ষ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার অফ খেজুরি। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হচ্ছে ‘বৃক্ষরাখী ও বর্জ্য থেকে রাখি’ তৈরির কর্মশালা। এবারের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে খেজুরি কলেজ, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, মহিষাদল গার্লস কলেজ এবং মুগবেড়িয়া কলেজ।
কর্মশালায় ছাত্রছাত্রীরা বাড়িতে ফেলে দেওয়া আধপোড়া দেশলাই কাঠি, পুরনো খবরের কাগজ, ওষুধের খালি প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য উপকরণ ব্যবহার করে হাতে-তৈরি ইকো-ফ্রেন্ডলি রাখি তৈরি করছে। এই রাখিগুলি শুধু ভাই-বোনের বন্ধনের প্রতীক নয়, বরং গাছের সুরক্ষা ও পরিবেশ রক্ষার অঙ্গীকার হিসেবে বৃক্ষরাখী-র ধারণাকেও তুলে ধরছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর থেকেই তারা বিভিন্ন স্কুল এবং প্রশাসনিক ভবনে গিয়ে বৃক্ষরাখী তৈরির কর্মসূচি পরিচালনা করছে। সেই উদ্যোগের মাধ্যমে গাছকে ভালোবাসা, সংরক্ষণ এবং বর্জ্যের পুনর্ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বহু ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।
এছাড়াও গত বছর কেয়ার অফ খেজুরির উদ্যোগে আয়োজিত হয়েছিল একটি ‘রাখি মেলা’, যেখানে সম্পূর্ণ হাতে-তৈরি ইকো-ফ্রেন্ডলি ও বর্জ্য দিয়ে তৈরি রাখি প্রদর্শন ও প্রচার করা হয়। সেই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছিল এবং পরিবেশবান্ধব রাখির ধারণাকে আরও জনপ্রিয় করে তুলেছিল।
সংস্থার সভাপতি শুভ্রজিত পন্ডা জানান, “বর্জ্যকে সম্পদে পরিণত করার শিক্ষা এবং গাছের প্রতি দায়বদ্ধতার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনেও আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছে এই উদ্যোগ পৌঁছে দিতে আমরা কাজ করে যাব।”







