Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস' পালিত হল বৃদ্ধাশ্রমে

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ...ড. রজনীকান্ত দোলই প্রতিষ্ঠিত মেদিনীপুর শহরের নজরগঞ্জের 'আনন্দ আশ্রম' বৃদ্ধাশ্রমে 'আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস' পালিত হল ১ অক্টোবর, বৃহস্পতিবার। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সংগ…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ...ড. রজনীকান্ত দোলই প্রতিষ্ঠিত মেদিনীপুর শহরের নজরগঞ্জের 'আনন্দ আশ্রম' বৃদ্ধাশ্রমে 'আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস' পালিত হল ১ অক্টোবর, বৃহস্পতিবার। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী রথীন্দ্রনাথ দাস। স্বাগত বক্তব্য দেন বৃদ্ধাশ্রম পরিচালন সমিতির সম্পাদক ও রয়‍্যাল একাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলই। বৃদ্ধাশ্রমের প্রবীণ আবাসিকদের শ্রদ্ধা জানিয়ে সত্যব্রত বাবু বলেন, "আজকের দিনটি ক্যালেন্ডারের পাতায় শুধু একটি তারিখ নয়; বরং আমাদের থমকে দাঁড়ানোর, ফিরে তাকানোর এবং নিজেদের শিকড়কে স্পর্শ করার দিন। 'প্রবীণ' শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এক দীর্ঘ জীবনের গল্প। কপালের ভাঁজে ভাঁজে জমে থাকা সময়, সাদা চুলে মিশে থাকা অভিজ্ঞতা, ক্লান্ত চোখের গভীরে লুকিয়ে থাকা অসংখ্য স্বপ্ন, ত্যাগ আর ভালোবাসা।

একজন প্রবীণ মানুষ আসলে একটি জীবন্ত গ্রন্থাগার। তাঁর কাছে আছে এমন সব গল্প, যা কোনো বইয়ে লেখা নেই; এমন সব অভিজ্ঞতা, যা কোনো সার্চ ইঞ্জিন খুঁজে দিতে পারে না। তাঁর জীবনের প্রতিটি ক্ষত একটি শিক্ষা, প্রতিটি সাফল্য একটি অনুপ্রেরণা, প্রতিটি ভুল একটি সতর্কবার্তা। আজ আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি, তার ভিত গড়ে দিয়েছেন প্রবীণ প্রজন্ম। তাঁদের শ্রম, ত্যাগ, সততা, সংগ্রাম এবং ভালোবাসার ওপর দাঁড়িয়েই আমাদের বর্তমান। জীবন আসলে একটি বৃত্ত। আজ আমরা প্রবীণদের হাত ধরব, কাল হয়তো আমাদের হাত ধরবে পরবর্তী প্রজন্ম। একটি সভ্য সমাজের পরিচয় শুধু তার প্রযুক্তি, অর্থনীতি বা উঁচু অট্টালিকায় নয়- সে সমাজ তার প্রবীণদের কতটা সম্মান করে, তার মধ্যেও সভ্যতার মাপকাঠি লুকিয়ে থাকে। শেষ বয়সের মানুষটি যখন জানালার ধারে বসে সূর্যাস্ত দেখেন, তখন তাঁর চোখে শুধু অস্তগামী সূর্য থাকে না-থাকে তাঁর পুরো জীবন। সেই জীবনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকুক। কারণ প্রবীণরা আমাদের অতীত নন- তাঁরাই আমাদের শিকড়। শিকড়কে ভুলে গিয়ে কোনো গাছ দীর্ঘদিন সবুজ থাকতে পারে না। আজ তাই পৃথিবীর সমস্ত প্রবীণ মানুষকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

আপনাদের কুঞ্চিত হাতেই আমাদের শৈশবের নিরাপত্তা, আপনাদের গল্পেই আমাদের ইতিহাস, আপনাদের ত্যাগেই আমাদের বর্তমান, আর আপনাদের আশীর্বাদেই আমাদের আগামী।” আবাসিকদের পক্ষ থেকে আবৃত্তি করেন সুচেতা দাস, সংগীত পরিবেশন করেন অশোকা মুখাজী, গীতার শ্লোক পাঠ করেন নমিতা মণ্ডল। নতুন বস্ত্র, ফল ও মিষ্টি দিয়ে আবাসিকদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান সত্যব্রত বাবু ছাড়াও ভীষ্মপ্রতিম অধিকারী, অলোক মালাকার, নিয়তি দলবেরা, রূপম দাস, শান্তিরঞ্জন বড়দোলই, প্রদীপ সিংহ, সংহিতা মণ্ডল, শমিক সিংহ, তনুশ্রী সাহা, মহুয়া মুখার্জী সহ সংস্থার অন্যান্য কর্মীরা এবং রয়‍্যাল একাডেমির শিক্ষক-শিক্ষিকারা।