Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শঙ্খধ্বনিতে শুভসূচনা, সামাজিক বার্তা দিয়ে পথ চলা শুরু করল ‘হেল্প পাঁশকুড়া

অরুণ কুমার সাউ, পাঁশকুড়া: সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার ব্রত নিয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প পাঁশকুড়া’। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সংগঠনটির উদ্যোগে আয়োজিত হলো বিশেষ সামাজিক উদ্যোগ ‘শারদ শ্রদ্ধা…


অরুণ কুমার সাউ, পাঁশকুড়া: সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার ব্রত নিয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প পাঁশকুড়া’। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সংগঠনটির উদ্যোগে আয়োজিত হলো বিশেষ সামাজিক উদ্যোগ ‘শারদ শ্রদ্ধার্ঘ্য ২০২৬’।মঙ্গল শঙ্খ বাজিয়ে পবিত্র সঙ্গতের রথতলা দক্ষিণ চাঁচিয়াড়াতে প্রথম কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর পর্যায়ক্রমে দেহাটি আদিবাসী পাড়া এবং রাতুলিয়া ইটভাটায় পৌঁছে যান সংগঠনের সদস্যরা। দুর্গাপূজার প্রাক্কালে সমাজের অবহেলিত ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে শতাধিক শিশু ও মায়েদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।



 অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে ৬ বছরের শিশু কন্যা দেবসেনার হাতে সংগঠনের প্রথম উপহারটি তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে সদস্য ভাস্করব্রত পতি আবেগঘন কণ্ঠে জানান, “আমাদের প্রথম উপহার তুলে দেওয়া হয় ৬ বছরের কন্যা দেবসেনার হাতে। দেবসেনাই আমাদের দুর্গা।” অঞ্জন মণ্ডল বলেন, “প্রতিটি শুভ কাজেই যেমন শঙ্খ বাজিয়ে সূচনা হয়, তেমন হেল্প পাঁশকুড়ার কর্মসূচিও শঙ্খ বাজিয়ে শুভ পথ চলা শুরু করল।”

  সফলভাবে এই মহৎ উদ্যোগ সম্পন্ন করার পর সভাপতি কার্তিক আদক জানান, “এই কর্মসূচি সুন্দরভাবে রূপায়নের জন্য সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। এভাবেই সবাই আগামী দিনেও আমাদের পাশে থাকবেন বলে আশা করি।”


পরবর্তী কর্মসূচির সময়সূচী সংগঠনের পক্ষ থেকে গৌতম ঘোষ জানিয়েছেন, ‘শারদ শ্রদ্ধার্ঘ্য ২০২৬’-এর চতুর্থ পর্বের কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে ৬ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৫:০০ টায়।জানাবার আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ।

পাঁশকুড়াবাসী ও শুভানুধ্যায়ীদের এই কর্মসূচিতে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।