অরুণ কুমার সাউ, ময়না:, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ময়নার বৃহস্পতিবারের বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হল বিশেষ স্বচ্ছতা অভিযান, পরিবেশ সচেতনতা ও চারাগাছ বিতরণ কর্মসূচি। এদিন বাজার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি …
অরুণ কুমার সাউ, ময়না:, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে ময়নার বৃহস্পতিবারের বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হল বিশেষ স্বচ্ছতা অভিযান, পরিবেশ সচেতনতা ও চারাগাছ বিতরণ কর্মসূচি। এদিন বাজার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে একটি সচেতনতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও জগন্নাথ বিশ্বাস, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম গুরু এবং বিশিষ্ট পরিবেশপ্রেমী দিলীপ কুমার পাত্র। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও স্মারক দিয়ে যথাযোগ্য সম্মান জানানো হয়।
এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বিশিষ্ট পরিবেশপ্রেমী দিলীপ কুমার পাত্র । পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে তাঁর দীর্ঘদিনের অবদান এবং নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ময়না বৃহস্পতিবারের বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হয়।গান্ধী জয়ন্তী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিতে একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এরপর পরিবেশপ্রেমী দিলীপ কুমার পাত্রের সৌজন্যে এবং ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে ১০০টি চারাগাছ তুলে দেওয়া হয়।
ব্যবসায়ী সমিতির এই উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় সাধারণ মানুষ। তাঁদের মতে, স্বচ্ছতা ও পরিবেশ রক্ষার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষে ময়না বৃহস্পতিবারের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুশোভন রানা বলেন,“আজ আমরা অত্যন্ত গর্বিত যে সমাজসেবী ও বিশিষ্ট পরিবেশপ্রেমী ‘সবুজ স্যার’ দিলীপ কুমার পাত্রকে সম্মান জানাতে পেরেছি। তাঁর মতো মানুষের অনুপ্রেরণায় পরিবেশ রক্ষা ও সমাজসেবার এই উদ্যোগ আগামী দিনেও আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”



